বাসাভাড়া, জামানতের বিড়ম্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের স্বামীবাগ রোডের জরাজীর্ণ সুইপার কলোনী। এখানেই বসবাস করেন আট হাজার মানুষ। ভোটার সংখ্যা প্রায় দেড় হাজার। গতকাল শনিবার তোলা ছবি l হাসান রাজা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের স্বামীবাগ রোডের জরাজীর্ণ সুইপার কলোনী। এখানেই বসবাস করেন আট হাজার মানুষ। ভোটার সংখ্যা প্রায় দেড় হাজার। গতকাল শনিবার তোলা ছবি l হাসান রাজা

একটি ঘরে একটি পরিবার—এমনই বরাদ্দ ছিল। থাকে একটি ঘরে চারটি পরিবার। বছরের পর বছর যাচ্ছে, তাদের আবাসন সমস্যার উন্নতি হচ্ছে না। অথচ এরা আবর্জনা পরিষ্কার না করলে তিলোত্তমা ঢাকা আবর্জনাময়ই থেকে যায়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪০ নম্বর ওয়ার্ডের স্বামীবাগ রোডে অবস্থিত সুইপার কলোনি দেখিয়ে এমনই মন্তব্য করলেন স্থানীয় প্রবীণ বাসিন্দা আজগর আলী। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কলোনির সামনে কথা হয় তাঁর সঙ্গে।
কলোনির একটি পাঁচতলা ভবন এবং চারটি দোতলা টিনশেড ভবনে বাস করে প্রায় আট হাজার মানুষ। এদের মধ্যে ভোটার প্রায় দেড় হাজার। তাদের ভাড়া, গ্যাস বিল, বিদ্যুৎ বিলও দিতে হয়।
সুইপার কলোনির বাসিন্দাদের মধ্যে পাঁচ হাজার তেলেগু। বাকিরা কানপুরি। ২০০ লোক সিটি করপোরেশনে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছেন। কারও কারও তিন পুরুষ পরিচ্ছন্নতাকর্মী।
প্রধান সমস্যা কী—এমন প্রশ্নে সুইপার কলোনির তেলেগু সমিতির সভাপতি জে এস নাইরু বললেন, থাকার সমস্যা। এ সমস্যা মেটাতে দুটি ছয়তলা ভবন নির্মাণের কাজ ২০০৮ সালের মাঝামাঝি সময়ে শেষ হয়। কিন্তু বুঝিয়ে দেওয়ার মাত্র তিন দিন আগে একটি ভবন ভেঙে পড়ে। দুজন শ্রমিকও মারা যান। কিন্তু সেখানে আর কারও ওঠা হয়নি।
কলোনির বাসিন্দারা ছোট ঘরে গিজগিজ করে থাকেন উল্লেখ করে নাইরু বললেন, বর্তমানে পাঁচতলা ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। রাতে ঘুমের মধ্যেও ভয় লাগে। যদি ভেঙে পড়ে!
শুধু কলোনি নয়, নারিন্দা লেন, নারিন্দা রোড, শরৎগুপ্ত রোড, বসুবাজার লেন, মুনির হোসেন লেন, শাহ্ সাহেব লেন, গুরুদাস সরকার লেন, করাতিটোলা লেন, স্বামীবাগ লেন—সর্বত্রই আবাসন সমস্যা। এ এলাকায় বসবাস প্রায় পাঁচ লাখ মানুষের।
এলাকাবাসী বলেন, নগরের অন্য এলাকার মতো এখানেও জলাবদ্ধতা, যানজট, বিদ্যুৎ-পানি-গ্যাসের কষ্ট—সবই আছে। কিন্তু সব ছাপিয়ে বাসাভাড়া আর আগাম টাকা দেওয়ার বিড়ম্বনা বেশি।
নারিন্দার একজন ভাড়াটে বললেন, পাঁচতলায় সাড়ে ৫০০ বর্গফুটের বাসার জন্য তাঁকে আগাম দিতে হয়েছে এক লাখ টাকা। ভাড়া ১১ হাজার টাকা।
শরৎগুপ্ত সড়কের অপর একজন ভাড়াটে মো. আবদুল্লাহ বলেন, সেলামি দেওয়ার পর এত দিন ভাড়া আর বিল পরিশোধ করতেন। বাড়িওয়ালা বলে দিয়েছেন, চলতি মাস থেকে দারোয়ান ও আয়ার ‘সার্ভিস চার্জ’ এবং এলাকার নৈশ প্রহরীর বকশিশ দিতে হবে। শরৎগুপ্ত রোডের কোম্পানীগঞ্জ এলাকায় দেখা যায়, বাসাবাড়ির তুলনায় মেসের সংখ্যাই বেশি। থাকেন কর্মজীবী মানুষ আর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররা।
পয়োজলাবদ্ধতা, যানজট: নারিন্দা গৌড়ীয় মঠের পেছন দিক থেকে দয়াগঞ্জ মোড় পর্যন্ত পুরো রাস্তায় পানি। লোকজন নাকে রুমাল দিয়ে চলছেন। জানা গেল, এই পানি পয়োলাইনের। পাইপ ফুটো হয়ে রাস্তায় ছড়িয়ে পড়েছে। নারিন্দা লেনের বাসিন্দা সাইফুল ইসলাম, দয়াগঞ্জ মোড় এলাকার অমিয় মজুমদার, স্বামীবাগ লেনের আবদুল হালিমসহ এসব এলাকার বাসিন্দাদের অভিযোগ, বছরের বেশির ভাগ সময়ই রাস্তাঘাট সুয়ারেজের পানিতে সয়লাব থাকে। সিটি করপোরেশন ও ঢাকা ওয়াসার কাছে অভিযোগ জানানোর পর করপোরেশন রাস্তা মেরামত করে। কিন্তু ফাটা পাইপ, নর্দমার সংস্কার আর হয় না।
ডিএসসিসির ৫ নম্বর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন বিষয়টি দেখবেন বলে জানান।
দয়াগঞ্জ রোড, দয়াগঞ্জ হাট লেন, দয়াগঞ্জ জেলেপাড়া, নারিন্দা রোড, শরৎগুপ্ত রোড, বসু বাজার লেন, মুনির হোসেন লেন, শাহ্ সাহেব লেন, করাতিটোলা লেনের বেশির ভাগ এলাকায় এখানে-ওখানে রাখা হয়েছে আবর্জনাবাহী কনটেইনার।
এলাকাবাসীর অভিযোগ, আবর্জনাবাহী কনটেইনারের কারণে নারিন্দা গৌড়ীয় মঠ থেকে শরৎগুপ্ত রোডের পুলিশ ফাঁড়ি পর্যন্ত রাস্তায় নিয়মিত যানজট বাধে। বসুবাজার লেনসহ আশপাশের এলাকায় রাস্তার ওপর নির্মাণসামগ্রী রাখায় সেখানে যানবাহন চলতে সমস্যা হচ্ছে।
নির্বাচন আসছে: সুইপার কলোনিসহ ওয়ার্ড এলাকায় ভোটপ্রার্থী এবং তাঁদের সমর্থকদের আনাগোনা বেড়েছে। কলোনির বাসিন্দারা বলেন, এই ভদ্দরলোকদের সব সময় দেখা যায় না। তবে তাঁদের আশা, এত দিন পর সিটি নির্বাচন হচ্ছে। নতুন কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর তাঁরা বাসস্থানের সমস্যা সমাধানের আবেদন জানাবেন।