বাসাভাড়া বাঁচাতে কত কৌশল
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী নিয়ম লঙ্ঘন করে আড়াই বছর ধরে অধস্তন কর্মকর্তার নামে বরাদ্দ করা বাসায় থাকছেন। এক বছর আগে ওই কর্মকর্তা বদলি হয়ে গেছেন। তবু প্রকৌশলী নিজের নামে বাসা নেননি এবং ২১ মাসের ভাড়াও পরিশোধ করেননি।
উপজেলা এলজিইডি জানায়, ২০১১ সালের ডিসেম্বর মাসে প্রকৌশলী প্রণব কুমার রায় কলাপাড়ায় যোগ দেওয়ার পর বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উপজেলা পরিষদ চত্বরের আরডি-২ জোড়াবাড়ি আবাসিক ভবনের দ্বিতীয় তলার পশ্চিম পাশের ফ্ল্যাটে ওঠেন। সরকারি বাসা বরাদ্দের নিয়ম অনুযায়ী নিজ নামে বাসা বরাদ্দ নিতে হবে ও বেতন স্কেল অনুযায়ী ভাড়া পরিশোধ করতে হবে। কিন্তু প্রণব উপজেলা সরকারি বাসা ভাড়া কমিটির সদস্যসচিব হওয়ায় নিজের নামে বাসার বরাদ্দ না নিয়ে তাঁর কার্যালয়ের এমআইডিপিসিআর প্রকল্পের উপসহকারী প্রকৌশলী মো. শরীফুল আলমের নামে বাসার বরাদ্দ দেখান।
উপজেলা বিআরডিবি জানায়, নিজের নামে বাসা বরাদ্দ নিলে তাঁর বর্তমান বেতন স্কেল অনুযায়ী প্রতি মাসে ভাড়া কাটা হতো আট হাজার ৫২০ টাকা। স্কেল অনুযায়ী ২০১১ সালের ডিসেম্বর থেকে গত জুন পর্যন্ত তাঁর কাছে বাসা ভাড়া পাওনা দাঁড়ায় দুই লাখ ৫৬ হাজার ৮৪০ টাকা। কিন্তু তিনি শরীফুলের স্কেল দেখিয়ে ২০১২ সালের মার্চ মাস থেকে ডিসেম্বর পর্যন্ত ১০ মাসের ভাড়া হিসেবে ৩৬ হাজার টাকা পরিশোধ করেন। ওই স্কেল ধরলে তিনি এখনো ২১ মাসের ভাড়া পরিশোধ করেননি।
উপজেলা পরিষদ জানায়, নিয়ম লঙ্ঘন করে অন্যের নামে বরাদ্দ করা বাসায় বসবাস ও বাসা ভাড়া বকেয়ার বিষয়টি বেশ কয়েকবার উপজেলা পরিষদের সভায় উত্থাপিত হয়। উপজেলা প্রকৌশলীকে এ বিষয়ে যথাযথ নিয়ম অনুসরণ করে বাসা বরাদ্দ নিতে বলা হয়েছিল। কিন্তু তিনি শোনেননি। এদিকে এমআইডিপিসিআর প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় শরীফুল ইসলাম গত বছরের জুলাই মাসে কলাপাড়া ত্যাগ করেন। তবু তাঁর নামে বরাদ্দ করা বাসাতেই আছেন প্রণব।
এ ব্যাপারে শরীফুল আলম বলেন, ‘আমার নামে বাসা বরাদ্দ দেখিয়ে উপজেলা প্রকৌশলী বসবাস করতে থাকলে এ নিয়ে তখনই কথা ওঠে। তৎকালীন উপজেলা চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছি। তা ছাড়া চাকরি শেষে চলে আসার সময় লিখিতভাবে উপজেলা চেয়ারম্যানকে বলেও এসেছি। আমার প্রশ্ন হলো, যেখানে আমার চাকরি নেই, সেখানে উপজেলা প্রকৌশলী আমার নামে বরাদ্দ করা বাসায় কীভাবে এখনো বসবাস করছেন।’
যোগাযোগ করা হলে প্রকৌশলী প্রণব কুমার সরকার বলেন, ‘আমি একা এ রকম থাকি না। আরও অনেকেই থাকেন। সে ক্ষেত্রে আমাকে নিয়ে কথা তোলা হচ্ছে কেন। পরে বাসা ভাড়ার টাকা আরও পরিশোধ করা হয়েছে।’
তাঁর সঙ্গে দ্বিমত পোষণ করে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (আরডিও) মো. আমিনুল ইসলাম বলেন, ‘উপজেলা প্রকৌশলী অন্যের নামে বরাদ্দ করা বাসায় থাকেন। ২১ মাস ধরে তিনি ওই বাসার টাকা পরিশোধ করছেন না। এ জন্য ২০১৩ সালের ১৭ নভেম্বর তাঁকে চিঠিও দেওয়া হয়। তিনি এখন আর চিঠিও গ্রহণ করেন না।’