বাসায় ফেরা হলো না ফয়সালের
সকালে উঠে পরীক্ষা দিতে গিয়েছিল সে। কিন্তু বাসায় আর ফিরল না। সে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ফয়সাল আহম্মেদ (১৪)। গতকাল শনিবার রাজধানীর খিলগাঁও রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয় তার।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় ফয়সালকে হাসপাতালে নিয়ে আসেন তার শিক্ষক-সহপাঠীরা। ওই সময় তার পরনে স্কুলের পোশাক ছিল। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকেরা জানান, মাথায় গুরুতর আঘাতে ফয়সালের মৃত্যু হয়েছে।
ফয়সালকে হাসপাতালে আনা সহপাঠীরা সাংবাদিকদের জানায়, বেলা ১১টার দিকে খিলগাঁও রেলক্রসিং পার হচ্ছিল ফয়সাল। এ সময় একটি ট্রেন তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। তখন তারা তাকে স্থানীয় খিদমাহ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
ফয়সালের বাবা ফিরোজ আহম্মেদ সাংবাদিকদের বলেন, ফয়সালের দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলছে। গতকাল সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত তার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে। তাঁদের বাসা পশ্চিম রামপুরার ওয়াপদা রোডে। ফয়সালের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে।
কমলাপুর রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সড়ক দুর্ঘটনা: এদিকে গতকাল সকালে মুগদা বিশ্বরোড এলাকায় তুরাগ পরিবহনের এক মিনিবাসের ধাক্কায় এক রিকশাচালক (৪৫) মারা গেছেন। তবে তাঁর পরিচয় জানা যায়নি।