বাসার বিদ্যুৎ-সংযোগ কেটে দিয়ে অধ্যক্ষকে হয়রানি
পটুয়াখালীর বাউফল ডিগ্রি কলেজের অধ্যক্ষের বাসভবনের বিদ্যুৎ-সংযোগ কেটে দিয়ে অধ্যক্ষ এ টি এম আবদুল লতিফ ও তাঁর স্ত্রী একই কলেজের ভূগোল বিভাগের প্রধান সুফিয়া খাতুনকে হয়রানি করা হচ্ছে। আবদুল লতিফ বিএনপির সমর্থক হওয়ায় রাজনৈতিক প্রতিহিংসায় এটি করা হয়েছে বলে তাঁর স্ত্রী অভিযোগ করেছেন।
১৯ অক্টোবর বাউফল পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক কার্যালয়ের দুই কর্মচারী অধ্যক্ষ আবদুল লতিফের বাসভবনের বিদ্যুৎ-সংযোগ কেটে দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের একাধিক শিক্ষক ও কয়েকজন অভিভাবক জানান, ২০০৬ সালের ২৬ জুলাই আবদুল লতিফ ওই কলেজে অধ্যক্ষ পদে যোগদান করেন। ২০০৯ সালে মহাজোট সরকার ক্ষমতায় আসার পরপরই কলেজ থেকে তাঁকে বের করে দেওয়া হয়। তবে অধ্যক্ষ কলেজ ক্যাম্পাসের অধ্যক্ষের বাসভবনে বসবাস করছেন। কিন্তু তাঁকে নিখোঁজ দেখিয়ে সরকারদলীয় এক শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী সময়ে তাঁকে বরখাস্ত করা হয়। এখন তাঁকে কলেজ ক্যাম্পাসের অধ্যক্ষের কার্যালয় থেকে বের করে দেওয়ার জন্য বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
আবদুল লতিফ অভিযোগ করেন, প্রথমে তাঁকে স্বেচ্ছায় পদত্যাগ করার জন্য চাপ দেওয়া হয়। রাজি না হওয়ায় ২০০৯ সালের ৯ ফেব্রুয়ারি তাঁর কক্ষে তালা লাগিয়ে তাঁকে বের করে দেওয়া হয়। পরে কলেজ পরিচালনা কমিটির সভাপতি ওই সময়ের হুইপ বর্তমানে চিফ হুইপ আ স ম ফিরোজ তাঁকে (আবদুল লতিফ) নিখোঁজ দেখিয়ে উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক কলেজের উপাধ্যক্ষ আবদুস সাত্তারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেন। পরবর্তী সময়ে তাঁকে (আবদুল লতিফ) বরখাস্ত করেন। এ ঘটনায় তিনি মামলা করেছেন, যা আদালতে বিচারাধীন। এর পরও তিনি পরিবার নিয়ে অধ্যক্ষের বাসভবনে বসবাস করছেন। কিন্তু সাড়ে পাঁচ বছর ধরে তিনি কলেজে ঢুকতে পারছেন না। বর্তমানে বিদ্যুৎবিহীন অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন। বর্তমানে কলেজের উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম।
সুফিয়া খাতুন বলেন, ‘আমরা বিএনপি করি। তাই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছি। ছয় দিন ধরে বিদ্যুৎহীন করে আমাদের নির্যাতন করা হচ্ছে। বর্তমানে আমরা দুর্বিষহ জীবন যাপন করছি।’
বাউফল পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. আবু বক্কর সিদ্দিক জানান, উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলামের নির্দেশে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এ ব্যাপারে মো. রফিকুল ইসলাম জানান, কলেজ পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক অধ্যক্ষের কার্যালয় মেরামত করা হবে। এ কারণে বিদ্যুৎ-সংযোগের তার কেটে দেওয়া হয়েছে। তবে বিদ্যুৎ-সংযোগ কাটার আগে আবদুল লতিফকে নোটিশ দেওয়া হয়েছিল কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, নোটিশ দেওয়ার প্রয়োজন নেই। দুই বছর আগে তাঁকে বরখাস্ত করা হয়েছে। আবদুল লতিফ এ কলেজের কেউ নন। তাই অধ্যক্ষের কার্যালয়ে থাকার অধিকার তাঁর নেই।