বাসার সিঁড়িতে পুলিশ কর্মকর্তাকে কোপাল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব থানার জ্যেষ্ঠ উপপরিদর্শক (দ্বিতীয় কর্মকর্তা) আলমগীর হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে তিনি তাঁর বাসার সিঁড়িতে দুর্বৃত্তদের হামলার শিকার হন। রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভৈরব থানার পুলিশ জানায়, আলমগীর হোসেনের বাড়ি ফরিদপুরের ভাঙা উপজেলার বড়হামিড়লী গ্রামে। দুই মাস আগে তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বদলি হয়ে ভৈরব থানায় জ্যেষ্ঠ উপপরিদর্শক হিসেবে যোগ দেন।

পুলিশ জানায়, গতকাল দিবাগত রাত দুইটা পর্যন্ত থানায় কর্তব্য পালন করে কাছেই বাসার উদ্দেশে বের হন আলমগীর হোসেন। সেখানে তিনি একটি ভবনের পঞ্চম তলায় ভাড়া থাকেন। দোতলায় ওঠার পর পেছনে লোকজনের উপস্থিতি টের পান। এ সময় তিনি নিচে নেমে যাওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাঁর চিত্কারে ভবনের অন্যরা জেগে উঠলে দুর্বৃত্তরা চলে যায়। রক্তাক্ত অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত আলী বলেন, ‘আলমগীর চৌকস অফিসার। তিনি যোগ দেওয়ার পর ছিনতাইকারী, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা সুবিধা করে উঠতে পারছিল না। আমার ধারণা, আলমগীরের কারণে যারা নানাভাবে ক্ষতির মধ্যে পড়েছে, তাদের কোনো একটি মহল প্রাণে মেরে ফেলার জন্য গভীর রাতে তাঁর ওপর এই হামলা চালিয়েছে।’

ওসি জানান, দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আলমগীর হোসেনের হাত, পা, মাথাসহ প্রায় সারা শরীর জখম হয়েছে।