রাজধানীর মাতুয়াইল থেকে গ্রেপ্তার হওয়া জেএমবির পাঁচ সদস্যের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ এ আদেশ দেন। এর আগে তাঁদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়।
ভাড়া বাসায় বাক্সপেটরা নিয়ে ওঠার এক ঘণ্টার মাথায় সন্দেহভাজন এই পাঁচ জঙ্গিকে গ্রেপ্তার করে র্যা ব। গত রোববার রাতে মাতুয়াইলের কোনাপাড়ার কাঠেরপুল এলাকার একটি বাড়ির ষষ্ঠ তলা থেকে গ্রেপ্তার হন তাঁরা।
গতকাল আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অভিযান) মোহাম্মদ রাহাত খান। রিমান্ড আবেদনে তিনি উল্লেখ করেন, আসামিরা জেএমবির সক্রিয় সদস্য। তাঁরা দেশের বিভিন্ন স্থানে নাশকতাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকেন। তাঁদের সহযোগীদের গ্রেপ্তারের লক্ষ্যে এই আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। শুনানি শেষে আদালত আসামিদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, জেএমবির ময়মনসিংহ জেলা আমির হুজাইফা আকন্দের বাড়ি ময়মনসিংহের নান্দাইলের মেরাকুনায়, মো. ইয়াসিন আলীর বাড়ি পঞ্চগড়ের দেবিগঞ্জের প্রধানবাদে, মামুনুর রশীদের বাড়ি গাজীপুরের জয়দেবপুরের সালনায়, আবুল হাশেমের বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ের মধ্যম সোনাপাহাড়ে এবং সফিউল ইসলাম খালিদের বাড়ি নীলফামারীর সৈয়দপুরের লক্ষ্মণপুরে। বাড়ির মালিক স্থানীয় গার্মেন্টস ব্যবসায়ী সিদ্দিক হাওলাদার গতকাল প্রথম আলোকে বলেন, গত ২৬ ফেব্রুয়ারি মুঠোফোনে এক ব্যক্তি তাঁর বাসার ষষ্ঠ তলায় ওঠার আগ্রহ প্রকাশ করেন। পরদিন ওই ব্যক্তি এসে তাঁকে দুই হাজার টাকা জামানত দিয়ে যান এবং বলে যান তাঁরা ১ মার্চ থেকে সপরিবারে উঠবেন। ওই দিনই তিনি বাসার চাবি নিয়ে যান। কিন্তু ১ মার্চ কেউ বাসায় ওঠেননি। ৬ মার্চ দুই ব্যক্তি বাসায় ওঠেন এবং তাঁরা তিন দিন সেখানে থাকেন। এরপর চার দিন কেউ ওই বাসায় ছিলেন না।
সিদ্দিক হাওলাদার বলেন, রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় গ্রেপ্তার হওয়া পাঁচজন দুটি লেদার, একটি করে কার্টন, ব্যাগ ও বালতি নিয়ে তাঁর বাসার ষষ্ঠ তলায় ওঠেন। এর এক ঘণ্টা পর সাড়ে আটটার দিকে দুটি মাইক্রোবাসে করে র্যা বের সদস্যরা এসে জানতে চান এই বাসায় কোনো নতুন ভাড়াটিয়া উঠেছে কি না। ষষ্ঠ তলায় ওই পাঁচজনের ওঠার খবর পেয়েই তাঁরা সেখানে গিয়ে তাঁদের গ্রেপ্তার করেন এবং চোখে কাপড় ও মাথায় হেলমেট পরিয়ে সেখান থেকে বের করে নিয়ে আসেন। বাসায় ওঠার এক ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে র্যা বের গোয়েন্দা শাখার পরিচালক আবুল কালাম আজাদ বলেন, ওই জঙ্গি সদস্যদের আগে থেকেই অনুসরণ করা হচ্ছিল। তিনি বলেন, তাঁদের কাছ থেকে বিস্ফোরক, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।