বাসায় গ্যাসের চাপ অব্যাহত রাখতে নির্দেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাসাবাড়িতে লাইনে সরবরাহ করা গ্যাসের চাপ সঠিকভাবে অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।
জনস্বার্থে করা এক রিট আবেদনের নিষ্পত্তি করে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এইচ মো. নূরুল হুদা জায়গীরদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এই নির্দেশনা দেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। তিতাস গ্যাসের পক্ষে ছিলেন কাজী আখতার হামিদ।
ঢাকার বাসাবাড়িতে গ্যাস সরবরাহে চাপ কম থাকায় মানুষ ভোগান্তিতে রয়েছে—পত্রিকায় প্রকাশিত এ ধরনের প্রতিবেদন সংযুক্ত করে ২০১১ সালের জানুয়ারিতে এই রিট আবেদন করে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। এতে গ্যাসের চাপ বাড়ানোর জন্য আশুগঞ্জে কমপ্রেসার স্থাপনের নির্দেশনা চাওয়া হয়। রিট আবেদনে জ্বালানি, অর্থ ও পরিকল্পনাসচিব, পেট্রোবাংলার চেয়ারম্যান, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, তিতাস গ্যাস ও পেট্রোলিয়াম করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এবং ভোক্তা অধিকার পরিদপ্তরের মহাপরিচালককে বিবাদী করা হয়।
ওই রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে ২০১১ সালের ১৩ মার্চ আশুগঞ্জে কমপ্রেসার স্থাপনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দেন আদালত।