বাসায় ঢুকে সন্ত্রাসীর গুলি স্বামী-স্ত্রীসহ আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানের নর্দ্দাবাজার এলাকার একটি বস্তির ঘরে ঢুকে গুলি করে স্বামী-স্ত্রীসহ তিনজনকে আহত করেছে সন্ত্রাসীরা। গত রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত বকুল বেগম (২৫), তাঁর স্বামী হাসান মিয়া (৩৫) ও হাসানের চাচি আসমা বেগমকে (৫০) হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ সূত্র জানায়, গত রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চারজন সন্ত্রাসী নর্দ্দাবাজার এলাকার আলাউদ্দিনের বস্তির বাসিন্দা হাসানের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। এরপর টিনের ঘরের দ্বিতীয় তলায় উঠে হাসানকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে হাসানের স্ত্রী বকুল গুলিবিদ্ধ হন। সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় নিচতলায় হাসানের চাচি আসমা তাদের বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তাঁকেও গুলি করে। হাসানের গলায়, বকুলের হাতে ও আসমার পায়ে গুলি লাগে।হাসপাতালে চিকিৎসাধীন হাসান বলেন, চার মাস আগে তিনি স্থানীয় চিহ্নিত ছিনতাইকারী আনুকে পুলিশে ধরিয়ে দেন। এ ঘটনার পর তিনি আগের বাসা ছেড়ে আলাউদ্দিনের বস্তিতে ঘর ভাড়া নেন। ছিনতাইকারী আনু বেরিয়ে এসে তাঁকে খুঁজতে থাকেন। তাঁর ধারণা, পুলিশে ধরিয়ে দেওয়ায় কারণেই আনু তাঁকে গুলি করেন।যোগাযোগ করা হলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন প্রথম আলোকে জানান, হাসান মিয়া নিজেও গাড়ি ছিনতাই চক্রের সদস্য। চার মাস আগে হাসান ও আনুকে গাড়ি ছিনতাইয়ের অভিযোগে র‌্যাব গ্রেপ্তার করে। আনুর আগে হাসান জামিনে বেরিয়ে আসেন। পরে আনুও কারাগার থেকে বের হন।