বাসায় দম্পতিকে কুপিয়েছে দুর্বৃত্তরা
দুর্বৃত্তরা বাসায় ঢুকে ব্যবসায়ী রসুল আহমেদ (৩৮) ও তাঁর স্ত্রী জেসমিন আক্তারকে (৩২) কুপিয়ে আহত করেছে।গতকাল বুধবার ভোরে রাজধানীর হাজারীবাগের সনাতনগড়ে এ ঘটনা ঘটে।আশঙ্কাজনক অবস্থায় রসুল আহমেদ ও তাঁর স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।চিকিৎসাধীন রসুল আহমেদ প্রথম আলোকে বলেন, তিনি হাজারীবাগের ইসলামিয়া ট্যানারির মালিক। ভোররাতে হঠাৎ শব্দ শুনে ঘুম ভেঙে যায়। তিনি দেখেন, একজন দুর্বৃত্ত চাপাতি হাতে দাঁড়িয়ে আছে। ওই দুর্বৃত্তকে জাপটে ধরে ফেললে তার সহযোগীরা রসুল আহমেদকে চাপাতি দিয়ে কোপাতে থাকে। এ সময় দুর্বৃত্তরা তাঁর স্ত্রী জেসমিন আক্তারকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায়।রসুলের ভাই মনির হোসেন জানান, দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাঁর ও তাঁর মায়ের কক্ষের দরজার সিটকিনি বাইরে থেকে আটকে দেয়। তাই চিৎকার শুনেও তিনি বের হতে পারেননি। তাঁর ধারণা, ডাকাতির উদ্দেশ্যে দুর্বৃত্তরা ঢুকেছিল।হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ওই বাসায় ঢুকেছিল।