বাসায় নকল এনার্জি ড্রিংকসের কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় একটি নকল এনার্জি ড্রিংসের কারখানার সন্ধান পাওয়া গেছে। গত মঙ্গলবার বিকেলে শহরের চকমালগ্রাম এলাকার স্টাফ কোয়ার্টার সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে কারখানাটির খোঁজ পান ভ্রাম্যমাণ আদালত।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে ওই কারখানা থেকে অন্তত ১০ হাজার মোড়ক, এক হাজার খালি বোতল, পানীয় তৈরির সরঞ্জাম এবং কয়েক কার্টন নকল এনার্জি ডিংকস জব্দ করা হয়। ভোক্তাদের ধোঁকা দিতে এসব পানীয় ও সিরাপের মোড়কে বিএসটিআই অনুমোদিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট পরীক্ষিত বলে উল্লেখ করা হয়েছে। পরে এসব পণ্য ধ্বংস করে ভ্রাম্যমাণ আদালত ওই কারখানার মালিক মো. ঝিনুককে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা বগুড়া পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক শাহ আলী বলেন, অভিযানের সময় সেখানে নকল এনার্জি ড্রিংকস তৈরি করা হচ্ছিল। এর মধ্যে ‘ডাবল হর্স ফিলিংস’, ‘পাগলু হেব্বি এনার্জি’, ‘ইউনিক হর্স হারবাল অরেঞ্জ ড্রিংকস’, ‘জিনসিন প্লাস সিরাপ’সহ নানা বলবর্ধক নকল পণ্য রয়েছে। এসব নকল পণ্যের আকর্ষণীয় মোড়কে প্রস্তুতকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান হিসেবে কোনোটিতে উত্তরা ল্যাবরেটরিজ-বগুড়া, কোনোটিতে জিএম ট্রেডার্স-ঢাকা, কোনোটিতে শ্রাবণ ফুড অ্যান্ড হারবাল বাংলাদেশ লিমিটেড লেখা ছিল।
শাহ আলী আরও বলেন, মূলত বগুড়া শহরের চকলোকমান এলাকার মো. ঝিনুক এই কারখানায় উত্তেজক ট্যাবলেট মিশিয়ে বিভিন্ন অবৈধ পণ্য উৎপাদন এবং বাজারজাত করছিলেন। এ কারণে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।