বাসায় বেঞ্চ বসাতে আবেদন
জনগুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনটি রিট আবেদন শুনানির জন্য বিচারপতি মির্জা হোসেইন হায়দারের নেতৃত্বে বাসায় বেঞ্চ বসাতে আবেদন করেছেন একজন আইনজীবী।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে প্রধান বিচারপতির বরাবরে আবেদনটি করেন আইনজীবী ইউনূস আলী আকন্দ।
এ বিষয়ে প্রধান বিচারপতির হাইকোর্ট বিভাগের সচিব কবির আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, এমন একটি আবেদন জমা পড়েছে।
ইউনূস আলী আকন্দের করা রিট আবেদন তিনটি হলো—আপিল বিভাগের পর্যবেক্ষণের আলোকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে সংসদ নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা, আপিল বিভাগের পর্যবেক্ষণের আলোকে নির্বাচনের ৪২ দিন আগে সংসদ ভেঙে দেওয়ার নির্দেশনা ও দশম জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল স্থগিত করার নির্দেশনা।
প্রধান বিচারপতির বরাবরে করা আবেদনে ওই রিট তিনটি শুনানি ও নিষ্পত্তির জন্য বিচারপতি মির্জা হোসেইন হায়দারের নেতৃত্বে বাসায় বেঞ্চ গঠনে প্রয়োজনীয় আদেশ দেওয়ার আরজি জানানো হয়েছে।