বাসিন্দাদের ওপর হামলাকারীদের বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীদের ওপর হামলাকারীদের বিচার, উচ্ছেদ থেকে রক্ষা ও আবাসন সমস্যার সমাধানের দাবিতে সংবাদ সম্মেলন করেছে আসাদগেট নিউ কলোনি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যদের একাংশ। গতকাল শনিবার বেলা ১১টায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ২৭ ডিসেম্বর রাজধানীর আসাদগেট নিউ কলোনির বাসিন্দা নারীদের ওপর তাঁদের বাসার সামনে হামলা চালায় দুর্বৃত্তরা। সরকারদলীয় স্থানীয় কিছু নেতা-কর্মী এই হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন আক্রান্ত বাসিন্দারা। তাঁরা অভিযোগ করে বলেন, হামলার দিন বিকেলে থানায় মামলা করতে গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উপস্থিতিতে মামলা নিতে চায়নি পুলিশ। পরদিন থানায় গেলে কয়েকজনের নাম বাদ দিয়ে মামলার এজাহার করতে বলে পুলিশ। তারা ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিচার দাবি করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
বক্তারা বলেন, ঘটনার পর থেকে ফ্ল্যাট ছেড়ে দেওয়ার জন্য হাউজিং কর্তৃপক্ষ তাদের হুমকি দিচ্ছে। তাঁরা আরও দাবি করে বলেন, দু-একজন বাদে বাকি বাসিন্দাদের সব ধরনের বিল পরিশোধ করা আছে। বাসিন্দা আলমগীর হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা এখানে আছি। এটিই আমাদের স্থায়ী নিবাস। আমাদের বসতবাড়ি আমাদের ফেরত দিতে হবে।’ অনুষ্ঠানে উপস্থিত মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী নাজমা সালাম বলেন, ‘আমার হাতে এখনো হামলার চিহ্ন আছে। এখানে উপস্থিত সব নারীর ওপর হামলা চালানো হয়েছে। আমরা থানায় গিয়ে মামলা করতে চাইলেও তারা মামলা নেয়নি। আমি হামলার বিচার ও নিউ কলোনি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সব দাবি পূরণের দাবি জানাই।’
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন নিউ কলোনি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোয়ার আলী। তিনি বলেন, ‘৭ জানুয়ারি মামলার শুনানির তারিখ ধার্য করা হয়েছে। যদি আমরা মামলায় হেরে যাই, তবে এখান থেকে চলে যাব। কিন্তু শুনানির আগেই আমাদের ওপর আবার হামলার পরিকল্পনা করা হচ্ছে।’