বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছে প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে পাহাড়ধসে প্রাণহানির আশঙ্কায় গতকাল শুক্রবার সকাল থেকে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে প্রশাসন। পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী লোকজনের জন্য আশ্রয়কেন্দ্রও খোলা হয়। ইতিমধ্যে ৩০টি পরিবারকে পাহাড়ের বসতি থেকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।

গতকাল শহরের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, প্রশাসনের লোকজন পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী পরিবারগুলোকে সরিয়ে নেওয়ার কাজ করছে। প্রশাসনের অনুরোধে যারা বাসস্থান ছেড়ে যাচ্ছে না, তাদের পুলিশের সহায়তায় সরিয়ে নেওয়া হচ্ছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আব্দুল হান্নান বলেন, গতকাল দুপুর পর্যন্ত অন্তত ৩০টি পরিবারকে শালবন এলাকার আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিশ শরমিন বলেন, বৃষ্টি শুরু হওয়ায় জেলার বিভিন্ন স্থানে পাহাড়ধস দেখা দিয়েছে। যাতে জানমালের ক্ষতি না হয় তার জন্য লোকজনকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে। শহরের শালবন এলাকায় জেলা প্রশাসনের স্টাফ কোয়ার্টারে আশ ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে আশ্রিত লোকজনের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

এলিশ শরমিন আরও বলেন, খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় পাহাড়ধসের ঝুঁকিতে বসবাস করছে প্রায় দুই হাজার পরিবার। শুক্রবার সকাল থেকে শহরের কলাবাগান, নেন্সিবাজার, শালবন, হরিনাথপাড়া গ্যাপ এলাকায় ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে।

কুমিল্লা টিলা এলাকায় বেলা ১১টায় গিয়ে দেখা গেছে, জেলা প্রশাসনের কর্মকর্তারা পুলিশসদস্যদের নিয়ে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছিলেন। সেখান থেকে তিন পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে।

শালবন এলাকার ছয়টি পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। দুপুর সাড়ে ১২টায় এ এলাকায় গিয়ে দেখা যায়, ঘরে আসবাব রেখে অল্প জিনিসপত্র নিয়ে পরিবারগুলো আশ্রয়কেন্দ্রে যাচ্ছে। কথা হয় গৃহবধূ আমেনা বেগমের (৪৫) সঙ্গে। তিনি বলেন, ‘আপাতত সামান্য কিছু জিনিস নিয়ে আশ্রয়কেন্দ্রে যাচ্ছি। ঝুঁকি আছে জেনেও ঘরের মায়া ছাড়তে পারি না।’

খাগড়াছড়ির ফায়ার সার্ভিসের লিডার মো. জসিম উদ্দীন বলেন, ঝুঁকি জেনেও অনেকে আশ্রয়কেন্দ্রে যেতে চাচ্ছে না। তাদের পুলিশের সহায়তায় সরিয়ে নেওয়া হচ্ছে।

এদিকে খাগড়াছড়িতে পরিবেশবিষয়ক সংস্থা বেলার সদস্য আবু দাউদ অভিযোগ করেন, শহরে অপরিকল্পিতভাবে পাহাড় কেটে বাড়িঘর নির্মাণ বন্ধে প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। পাহাড় কাটা বন্ধে ২০১১ সালে বেলা প্রশাসনকে নোটিশ দিলেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি।

এ বিষয়ে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম বলেন, পাহাড় কাটা ও পাহাড়ের ঢালে বসতি স্থাপনের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের সুস্পষ্ট নির্দেশনা নেই।