চট্টগ্রামে পাহাড়ের ঢালে বসবাস
বাসিন্দাদের পুনর্বাসনের সুপারিশ হয়, বাস্তবায়নে কোনো উদ্যোগ নেই
চট্টগ্রামে পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। বরং নতুন নতুন এলাকায় পাহাড়ের ঢালুতে বসতি গড়ে উঠেছে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে একটি বিশেষজ্ঞ কমিটি ঝুঁকিপূর্ণ পাহাড় ও এসব পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের চিহ্নিত এবং এদের পর্যায়ক্রমে সরিয়ে নেওয়ার সুপারিশ করেছিল। চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিকল্পনাবিদ ও বিভাগীয় প্রধান মো. রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘নগরে পাহাড়ের ঢালে বসবাসকারীদের সঠিক সংখ্যা জানা সম্ভব নয়। কারণ এ সংখ্যা প্রতিদিনই বাড়ছে। তবে প্রাথমিক হিসাবে চার-পাঁচ লাখ লোক এভাবে বসবাস করছে।’২০০৭ সালের ১১ জুন টানা ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম ও আশপাশের এলাকায় পাহাড়ধসে ১২৭ জনের মৃত্যু হয়। এর আগে পাহাড়ধসে ১৯৯৮ সালে ১৬ জন, ১৯৯৯ সালে ১৯ জন, ২০০০ সালে ১৬ জন এবং ২০০২ সালে সাতজনের মৃত্যু হয়। সেনা-সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকার চট্টগ্রামের বিভাগীয় কমিশনারকে প্রধান করে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটি চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ পাহাড় চিহ্নিত করে এসব পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের ক্রমান্বয়ে সরিয়ে নিতে একটি তদারকি (ভিজিলেন্স) কমিটি গঠনের সুপারিশ করে। ওই কমিটির সদস্য-সচিব (বর্তমানে পরিবেশ অধিদপ্তর-চট্টগ্রামের পরিচালক) জাফর আলম প্রথম আলোকে বলেন, পাহাড়ের ঢালে বসবাসকারীদের সরিয়ে নেওয়া কঠিন কাজ। কারণ, এদের এমন জায়গায় পুনর্বাসন করতে হবে, যেখানে তারা বসবাসের পাশাপাশি আয়-রোজগার করতে পারে। তত্ত্বাবধায়ক সরকারও এ সমস্যার সমাধান করতে পারেনি। প্রশাসন সূত্রে জানা গেছে, চট্টগ্রামের অধিকাংশ পাহাড়ের মালিক রেলওয়ে, বন বিভাগসহ বিভিন্ন সরকারি সংস্থা। অনেক সরকারি খাস পাহাড়ি এলাকায়ও ধীরে ধীরে বসতি স্থাপন করা হয়। এসব বসতি নির্মাণের নেপথ্যে আছে একশ্রেণীর মধ্যস্বত্বভোগী। এরা সব সময় ক্ষমতাসীন রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। এসব বস্তিঘরে বসবাসকারীদের আবার ক্ষমতাসীন দলের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করা হয়। ফলে সরকারি সংস্থার মালিকানাধীন পাহাড়ের ঢালুতে বসতি স্থাপন বন্ধ করা যাচ্ছে না।চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘বাটালি হিলে ঘটনার আগের দিন বৃহস্পতিবার আমি নিজেই লোকজনকে সরে যেতে প্রথমে দুই ঘণ্টা সময় দিই। নির্ধারিত সময়ে তারা ছেড়ে না যাওয়ায় আমি ম্যাজিস্ট্রেট, পুলিশ-র্যাব পাঠিয়ে ৩০টি পরিবারকে উচ্ছেদ করি এবং ঘরবাড়ি ভেঙে দিই। কিন্তু রাতের মধ্যে তাদের অনেকে আবার সেখানে এসে ত্রিপল টানিয়ে বসতি গড়ে তোলে।’ তিনি বলেন, এদের পেছনে মধ্যস্বত্বভোগী একটি চক্র আছে। সূত্রমতে, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে পাহাড়ের ঢালে বসবাসকারীদের জালালিহাটে রেলের একটি জায়গায় বহুতল ভবন নির্মাণ করে পুনর্বাসনের প্রস্তাব চূড়ান্ত করা হয়েছিল। এ জন্য ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ে একটি প্রস্তাবও পাঠানো হয়। কিন্তু সেই প্রস্তাব আর অনুমোদন হয়ে ফেরত আসেনি।