বাসিন্দারাই চিহ্নিত করবেন ঝুঁকিপূর্ণ স্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাউন ওয়াচিং কর্মশালা শেষে স্বেচ্ছাসেবীদের নির্দেশনা দিচ্ছেন ‘সিডস’–এর কর্মীরা। ছবিটি জোয়ার সাহারার অলিপাড়া এলাকার l প্রথম আলো
টাউন ওয়াচিং কর্মশালা শেষে স্বেচ্ছাসেবীদের নির্দেশনা দিচ্ছেন ‘সিডস’–এর কর্মীরা। ছবিটি জোয়ার সাহারার অলিপাড়া এলাকার l প্রথম আলো

স্থানীয় বাসিন্দারা কয়েকটি দলে ভাগ হয়ে নিজেদের এলাকা ঘুরবেন। এলাকার ঝুঁকিপূর্ণ স্থাপনা ও বিপজ্জনক স্থানগুলো চিহ্নিত করবেন। খোলা জায়গা আর পানির উৎসগুলোও চিহ্নিত করবেন। যাতে কোনো দুর্যোগে স্থানীয় ব্যক্তিরা চারদিকে ছোটাছুটি না করে এক জায়গায় নিরাপদে জড়ো হতে পারেন। আগুন লাগলে পানির উৎস থেকে পানি সরবরাহ করা যায়।
ঝুঁকিমুক্ত নগর নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগের ঝুঁকি হ্রাসে স্থানীয় ব্যক্তিদের সচেতন করার এই প্রক্রিয়া ‘টাউন ওয়াচিং’ বা ‘নগর দেখা’ কার্যক্রম নামে পরিচিত। নগর ব্যবস্থাপনায় দুর্যোগপ্রবণ দেশ জাপানে এই কার্যক্রম বহুল পরিচিত। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রথমবারের মতো শুরু করেছে নগর দেখা কার্যক্রম।
ডিএনসিসির ১৭ নম্বর ওয়ার্ডের জোয়ার সাহারা এলাকার অলিপাড়ায় গতকাল বৃহস্পতিবার নগর দেখা কার্যক্রম অনুষ্ঠিত হয়। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, পরিচ্ছন্নতা পরিদর্শক, স্বেচ্ছাসেবক, পোশাকশ্রমিক, এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা কার্যক্রমের প্রথম মহড়া ও সভায় অংশ নেন।
নগর দেখা কার্যক্রম শুরুর আগে অনুষ্ঠিত সভায় কার্যক্রমটি কী, কেন প্রয়োজন, কীভাবে স্থানীয় বাসিন্দারা নিজেদের এলাকা দেখবেন, ঝুঁকিপূর্ণ ও নিরাপদ স্থান চিহ্নিত করার পদ্ধতি সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেন বেসরকারি সংস্থা সিডস এশিয়ার প্রকল্প সমন্বয়কারী হারু সাতো।
নগর দেখা কার্যক্রম ঢাকার মতো শহরে কেন প্রয়োজন, সে বিষয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন সিডস এশিয়ার জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা আশফাকুর রহমান। তিনি বলেন, অপরিকল্পিত নগরায়ণ, আবাসিক ও বাণিজ্যিক এলাকায় শিল্পকারখানার উপস্থিতি, যথাযথ নিরাপত্তাব্যবস্থা ছাড়া শিল্পায়ন, দাহ্য বস্তুর যত্রতত্র ব্যবহার ও ব্যবসা এবং দুর্যোগ মোকাবিলায় সীমিত প্রাতিষ্ঠানিক সক্ষমতা ইত্যাদি কারণে ঢাকা অত্যধিক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
নগর দেখা কার্যক্রম পরিচালনা করেন স্থানীয় কাউন্সিলর জিন্নাত আলী। তিনি বলেন, নগর ব্যবস্থাপনায় দুর্যোগপ্রবণ দেশ জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঢাকা শহরে দুর্যোগের ঝুঁকি হ্রাসে কাজ শুরু করেছে ডিএনসিসি। এলাকার বাসিন্দাদের সরাসরি অংশগ্রহণ ছাড়া দুর্যোগ মোকাবিলা সম্ভব নয়।
অংশগ্রহণকারীরা অগ্নিকাণ্ড এবং ভূমিকম্পকে নিজেদের জন্য সবচেয়ে বড় আপদ হিসেবে চিহ্নিত করেন। তারপর তারা দুটি দলে ভাগ হয়ে ১৭ নম্বর ওয়ার্ডের অলিপাড়া, লিচুবাগান, নুরানি জামে মসজিদ এলাকা ঘুরে দেখেন। তারা রাস্তা দিয়ে হাঁটেন এবং পর্যবেক্ষণ করেন। নিজেদের এলাকার ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক স্থাপনা, খোলা জায়গা আর পানির উৎসগুলো চিহ্নিত করেন।
একটি দলের নেতৃত্ব দেন স্থানীয় বাসিন্দা আইনজীবী শওকত আলী হাওলাদার। তিনি বলেন, সাধারণ সময়ে ঝুঁকিগুলো দেখা যায় না। দুর্যোগের সময় ঝুঁকিগুলো হঠাৎ আবির্ভূত হয়। প্রস্তুতি নিয়ে থাকলে দুর্যোগ মোকাবিলা সহজ হয়। নিজেদের এলাকার নিরাপদ স্থান নিজেরা খুঁজে রাখাই ভালো।
এলাকা ঘোরা শেষে অংশগ্রহণকারীরা আলোচনায় অংশ নেন। দুর্যোগে নিজেকে এবং নিজ এলাকার ক্ষয়ক্ষতি কীভাবে কমানো সম্ভব, সে বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি বিশেষজ্ঞদের সহায়তায় এলাকার দুর্যোগ মোকাবিলাসংক্রান্ত একটি মানচিত্র তৈরি করেন।
কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, পর্যায়ক্রমে ডিএনসিসির অন্য ওয়ার্ডগুলোতেও নগর দেখা কার্যক্রম হবে। ১৭ নম্বর ওয়ার্ডে দুর্যোগ মোকাবিলা সহায়ক যে মানচিত্র তৈরি করা হয়েছে, তা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে তুলে ধরা হবে, যা নিরাপদ নগর গড়ার কাজকে এগিয়ে নেবে।