বাসিয়া নদী রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সিলেটের সুরমা নদীর শাখা বাসিয়া নদী হচ্ছে বিশ্বনাথ উপজেলার প্রাণ। এ নদী না বাঁচলে বিশ্বনাথ বাঁচবে না। তাই নদীর সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
গতকাল শনিবার বিকেলে বাসিয়া নদী রক্ষার দাবিতে আয়োজিত একটি মানববন্ধনে অংশগ্রহণকারী ব্যক্তিরা এই আহ্বান জানান। বিকেল চারটায় স্থানীয় পরিবেশবাদী সংগঠন ‘বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদ’ বাসিয়া নদীর সেতু এলাকায় এ কর্মসূচির আয়োজন করে।
বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদের আহ্বায়ক ফজল খানের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নুর উদ্দিন, প্রবাসী সিরাজ উদ্দিন, সাংবাদিক আশিক আলী, এমদাদুর রহমান মিলাদ, পুরান বাজার বণিক সমিতির সমাজকল্যাণ সম্পাদক ফখর উদ্দিন, উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি রাসেল আহমদ, বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক সামছুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে একাত্ম হন আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। এ ছাড়া এতে বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতিসহ কয়েকটি পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশ নেন।