বাসুদেবপুর বিলে মধুর খনি
দিগন্তজোড়া হলুদ রঙের মাঝে ছোট ছোট কাঠের বাক্স, যেন পটে আঁকা অপূর্ব কোনো ছবি। চোখ ফেরানো যায় না। শর্ষে ফুলে ফুলে এভাবেই রং বদলে গেছে বাসুদেবপুর বিলের। কাঠের মৌবাক্সগুলো যেন মধুর ফাঁদ। এবার এই বিলে এক হাজার ১০০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। ফুল এসেছে সব গাছে। এর মধ্যে মৌচাষিরা পেতেছেন শতাধিক মৌবাক্স।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী এবার এই বিল থেকে প্রায় তিন টন মধু আহরণ করা যাবে। রাজশাহীর গোদাগাড়ি উপজেলা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার কিছু এলাকা নিয়ে এই বাসুদেবপুর বিল। গোদাগাড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কৃষকেরা সরাসরি মহানন্দা নদীর পানি দিয়ে এই বিলে চাষাবাদ করেন। এখানে এক হাজার ২০০ হেক্টর জমিতে বোরো চাষ হয়। এতে সেচের খরচ হয় মাত্র ২৫০ থেকে ৫০০ টাকা। কৃষি বিভাগের হিসাব মতে, এই বিলে প্রায় সাত হাজার টন বোরো ধানের উৎপাদন হয়। সরিষা হয় প্রায় এক হাজার ৮০ টন। আর সরিষার ফুল থেকে মধু হয় প্রায় তিন টন।সরেজমিনে দেখা যায়, সরিষা ফুলের রঙে সারা বিল হলুদ হয়ে আছে। এর মাঝে মধুচাষিরা মৌবাক্স পেতে বসে রয়েছেন। নূরুল ইসলাম নামের এক যুবক মাছির পরিচর্যা করছেন। মাছির কাছে যেতে চাইলে প্রতিবেদককে বিশেষ ধরনের মাস্ক পরিয়ে নেওয়া হলো, যাতে মাছির কামড় থেকে রক্ষা পাওয়া যায়।গোদাগাড়ির বাসুদেবপুর ইউনিয়নের নামাজ গ্রামের মৌচাষি আতাউর রহমান বলেন, গত পাঁচ বছর থেকে তিনি মধু আহরণের কাজ করছেন। এবার এই বিলে তিনি ৪০টি বাক্স নিয়ে এসেছেন। এবার ৩৫ মণ মধু আহরণ করতে পারবেন বলে তিনি আশা করছেন। গতবার তিনি এই বিল থেকে ২৮ মণ নিয়ে গেছেন।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক এম মনজুর হোসেন বলেন, যে সরিষা খেত থেকে মৌমাছির মধু আহরণ করে, ওই খেতে ভালো পরাগায়ন ঘটে এবং সরিষার উৎপাদন ২৫ থেকে ৩০ শতাংশ বেড়ে যায়।গোদাগাড়ি উপজেলার কৃষি কর্মকর্তা সাইফুল আলম বলেন, বাসুদেবপুর বিল বলতে গেলে একটা মধুর খনি। এখানে এবার ১০০ মৌবাক্স বসানো হয়েছে। এতে তাঁরা তিন টন মধু আহরণের প্রত্যাশা করছেন। এখানে আরও বাক্স বসানো যায়। অতি অল্প ব্যয়ে মহানন্দা নদীর পানিতে কৃষকেরা চাষাবাদ করেন। এই বিল এই এলাকার মানুষের আশীর্বাদ।