বাসে আগুন দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা
কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার ময়নামতী সাহেববাজার এলাকায় একটি যাত্রীবাহী বাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। ছাত্রদলের তিন নেতা-কর্মী ওই বাসের ধাক্কায় আহত হওয়ার জের ধরে বাসটিতে অগ্নিসংযোগ করা হয়। এ সময় সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। গত মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে ওই ঘটনা ঘটে।জানা গেছে, মঙ্গলবার সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আছাদনগর গ্রামে জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদের বাবার নামে ‘অ্যাডভোকেট আবদুল আজিজ টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্ট’-এর চূড়ান্ত খেলার আয়োজন করা হয়। খেলায় পুরস্কার বিতরণ করতে ঢাকা থেকে কুমিল্লা এসেছিলেন এটিএন নিউজের সংবাদপ্রধান মুন্নী সাহা। তাঁকে স্বাগত জানাতে ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের একদল নেতা-কর্মী ১৫টি মোটরসাইকেল নিয়ে কুমিল্লা সেনানিবাস এলাকায় যাচ্ছিলেন। বেলা ১১টায় মোটরসাইকেলের বহর বুড়িচং উপজেলার রামপুর এলাকায় এলে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তিনটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে ছাত্রদলের তিন কর্মী আহত হন। তাঁদের কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। এ সময় ছাত্রদলের অন্য নেতা-কর্মীরা ময়নামতী সাহেববাজার এলাকায় গিয়ে বাসটি আটক করেন। পরে তাঁরা বাসের ইঞ্জিনে আগুন ধরিয়ে দেন। মুহূর্তে আগুন গোটা বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিল্লা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দুপুর ১২টার দিকে আগুন নেভাতে সক্ষম হন। এ অবস্থায় কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট সড়কে ঘণ্টাব্যাপী গাড়ি চলাচল বন্ধ থাকে। জানতে চাইলে জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘আমার নিজ গ্রামের একটি অনুষ্ঠানে মুন্নী সাহা আসছিলেন। তাঁকে স্বাগত জানাতে গিয়ে বাসের ধাক্কায় ছাত্রদলের তিনজন নেতা-কর্মী ময়নামতীতে গুরুতর আহত হন।’বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম শাহনেওয়াজ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে কোনো মামলা হয়নি।’