বাসে আগুন দেওয়ার ঘটনায় ছাত্রদলের নেতাদের নামে মামলা
সাভারে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সাত নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গত শনিবার রাতে বাসের মালিক বাবুল হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় এ মামলা করেন। ভর্তি পরীক্ষার প্রথম দিনে গত শনিবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুকদের শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা ক্যাম্পাসে মিছিল বের করেন। ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিলে ধাওয়া দিয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের ক্যাম্পাস থেকে বের করে দেন। পরে ছাত্রদলের নেতা-কর্মীরা সাভারের রেডিও কলোনি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে একটি বাসে অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার রাতেই বাসের মালিক সাভার মডেল থানায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. জাকিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া, যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য খোরশেদ আলমসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।