বাসে আগুন ধরিয়ে মানুষ মেরে ফেলার বিষয়টি আমার মাথায় ঢুকে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, ‘রাজনীতি ব্যাপারটা আমি অতশত বুঝি না। বাসে আগুন ধরিয়ে মানুষ মেরে ফেলার বিষয়টি আমার মাথায় ঢুকে না। কোনো শত্রুতা নেই, ঝগড়া নেই, এমনকি চেনাশোনাও নেই—এ ধরনের নিরীহ মানুষকে কীভাবে আরেকজন মানুষ পোড়াতে পারে, সেটাই তো বুঝে উঠতে পারি না।’
গতকাল বুধবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্টের (ইয়েস) যৌথ উদ্যোগে ‘তারুণ্যের জাগরণ’ শীর্ষক অনুষ্ঠানে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে মুহম্মদ জাফর ইকবাল এসব কথা বলেন। এ সময় তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তরুণ প্রজন্মকে ভবিষ্যতের সুন্দর বাংলাদেশ গড়ায় নেতৃত্বদানের আহ্বান জানান।
আমন্ত্রিত অতিথির বক্তৃতায় মুহম্মদ জাফর ইকবাল বলেন, ঝড়, বন্যা এসব দুর্যোগ হুটহাটই আসে। দেশের বর্তমান পরিস্থিতিও তেমনি। পত্রিকায় কলাম লেখে, মানববন্ধন করে, বক্তৃতা-বিবৃতি দিয়ে এ সমস্যার সমাধান হবে না। তবে নিজেদের কাজও ফেলে রেখে দিলে চলবে না। এক সপ্তাহ, দুই সপ্তাহ পর কিংবা কিছুদিনের মধ্যে নিশ্চয়ই এ সংকট কেটে যাবে।
অনুষ্ঠানে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি, সিলেট এমসি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সমাপনী পর্বে বক্তব্য দেন সনাক সিলেটের সহসভাপতি সমিক শহীদ জাহান ও ইয়েস উপকমিটির আহ্বায়ক সৈয়দ মনির হেলাল।