বাসে আগুন, ধাওয়া করে একজনকে ধরল জনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কারওয়ান বাজারে গতকাল মঙ্গলবার বিকেলে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে জনতা এক যুবককে ধাওয়া করে     আটকের পর পুলিশে সোপর্দ করে। পরে ভ্রাম্যমান আদালত তাঁকে     এক বছরের বিনাশ্রম কারাদণ্ড   দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে কারওয়ান বাজার আন্ডারপাসের (পাতাল দিয়ে পথচলা) কাছাকাছি জায়গায় একটি বাস থেকে যাত্রী নামানো হচ্ছিল। হঠাৎ তিন-চারজন যুবক বাসের পেছনের অংশে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দৌড়ে পালাতে থাকেন। স্থানীয় লোকজন ধাওয়া করে একজনকে আটক করে। পরে পুলিশ ওই যুবককে থানায় নিয়ে যায়।

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, বাসটি ইটিসি ট্রান্সপোর্ট লিমিটেড কোম্পানির। এটি মিরপুরের কালশী থেকে গুলিস্তান পর্যন্ত চলাচল করে। আগুনে বাসের সব কটি আসন পুড়ে যায়।

বাসের চালকের সহযোগী মো. হোসেন বলেন, কালশী থেকে তাঁরা গুলিস্তানের দিকে যাচ্ছিলেন। কারওয়ান বাজারে আসার পর বাসে ১০-১৫ জন যাত্রী ছিল। তাদের মধ্যে তিন-চারজন যুবক নেমে দ্রুত বাসের পেছনে গিয়ে আগুন ধরিয়ে দেন। তিনি ‘আগুন, আগুন’ চিৎকার করলে যাত্রীরা যে যেভাবে পারেন বের হয়ে যান। তিনি ‘ধর ধর’ বলে ধাওয়া করলে লোকজন এগিয়ে এসে একজনকে আটক করে।

মো. হোসেন দাবি করেন, আটক যুবকই ম্যাচের কাঠি জ্বালিয়ে আগুন ধরিয়ে দিয়েছেন বাসে।

থানায় নিয়ে যাওয়ার আগে প্রশ্ন করলে ওই যুবক প্রথম আলোকে বলেন, তাঁর নাম মো. রাসেল। তিনি তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে ইঞ্জিন মিস্ত্রি হিসেবে কাজ করেন। এখানে কেন এসেছেন—জানতে চাইলে ওই যুবক কোনো জবাব দেননি।

জানতে চাইলে ঘটনাস্থলে যাওয়া তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান সাংবাদিকদের বলেন, ওই যুবক বাসে অগ্নিসংযোগের কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। যুবকটি বলেছেন, তাঁর সঙ্গে আরও তিনজন ছিলেন। তাঁকে এক বছরের কারাদণ্ড দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন ওসি।