বাসে আগুন সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার লন্ডনী চৌরাস্তা এলাকায় সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কে বাসের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত ও আরেক ছাত্র আহত হয়েছে। গত রোববার এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী প্রায় চার ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন এবং বাসটিতে আগুন ধরিয়ে দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটির পর প্রাইভেট পড়া শেষে সন্ধ্যা ছয়টার দিকে নিপু চন্দ্র নাথ ও কার্তিক চন্দ্র মজুমদার সাইকেলযোগে বাড়ি ফিরছিল। পথে চরবাটা ইউনিয়নের লন্ডনী চৌরাস্তা নামক স্থানে সুবর্ণ সুপার সার্ভিসের একটি বাস পেছন থেকে সাইকেলটিকে ধাক্কা দিলে তারা দুজন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে রাত আটটার দিকে নিপুকে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তারা চরবাটা হাজী মোশারফ হোসেন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
এদিকে দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী বাসটি আটক করেন এবং সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের তোতারবাজার নামক স্থানে অবরোধ করেন। রাত আটটায় নিপু চন্দ্র নাথের মৃত্যুর খবর সেখানে পৌঁছালে অবরোধকারীরা বাসটিতে আগুন ধরিয়ে দেন।
খবর পেয়ে সুবর্ণচরের চরজব্বার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয় ও বাসের আগুন নেভায়।