বাসে আগুন হুড়োহুড়িতে ১০ যাত্রী আহত
ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায় গত শনিবার রাতে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় তাড়াহুড়ো করে নামতে গিয়ে দুই শিশুসহ অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। এতে মহাসড়কে অন্তত ছয় কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
পুলিশ সূত্র জানায়, শনিবার রাশেদ পরিবহনের সিএনজিচালিত একটি বাস ৪২ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। রাত আটটার দিকে কুট্টাপাড়া মোড় পার হওয়ার সময় বাসটির ব্যাটারিতে আগুন ধরে যায়। আগুন দ্রুত পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে ১০ জন যাত্রী আহত হন।
কাপড় ব্যবসায়ী জামিল আহমেদ ও ফখরুল ইসলাম নামের দুজন যাত্রী বলেন, ওই গাড়ির ছাদে তাঁদের ১০ লাখ টাকার কাপড় ছিল। আরও একাধিক ব্যক্তির একই পরিমাণের কাপড় ছিল। সেগুলোও পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি রাত সাড়ে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। মহাসড়কের এক পাশ দিয়ে রাত ১০টার পর ধীরগতিতে যান চলাচল শুরু হয়।
সরাইল থানার ওসি রূপক কুমার সাহা বলেন, বাসটি ও বাসের ওপরে রক্ষিত মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই গাড়ির ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।