বাসে আগুনের ঘটনা তদন্তে স্বাধীন কমিটি গঠনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগে গাড়িতে আগুন দিয়ে ১৯ জন দগ্ধ হওয়ার ঘটনায় স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে নাগরিক ঐক্য। একই সঙ্গে দেশের চলমান রাজনৈতিক সহিংসতায় গত সপ্তাহে ২০ জন নিহত হওয়ার দায়দায়িত্ব প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীকে নিতে হবে বলেও মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

বাসে আগুন দেওয়া প্রসঙ্গে মান্না বলেন, রাজধানীজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এত নিরাপত্তা থাকার পরও কীভাবে বাসে আগুন দেওয়া হলো তা অবশ্যই তদন্ত করে দেখতে হবে। এ জন্য সরকারি সংস্থার ওপরে ভরসা না করে কোনো একজন নিরপেক্ষ ব্যক্তিকে প্রধান করে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি জানান তিনি।

আজ শুক্রবার সকালে রাজধানীর তোপখানা রোডের শিশুকল্যাণ মিলনায়তনে দেশের চলমান সহিংস রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের বক্তব্য উপস্থাপনের জন্য ওই সংবাদ সম্মেলনটি ডাকা হয়। এতে জানানো হয়, আগামীকাল বেলা তিনটায় নাগরিক ঐক্য শহীদ মিনার থেকে শান্তির জন্য সাদা পতাকা মিছিল করবে। গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা ওই মিছিলে যোগ দেবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) একই সময়ে শহীদ মিনারে মিছিল ও সমাবেশের কর্মসূচি দিয়েছে। নাগরিক ঐক্য ও সিপিবি-বাসদ যুগপত্ভাবে ওই মিছিল কর্মসূচি পালন করবে।

মাহমুদুর রহমান মান্না এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে বাসে আগুনে পুড়ে দগ্ধদের দেখতে যান। সেখানকার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে সরকারকে অবশ্যই সমঝোতার পথে হাঁটতে হবে। বিরোধী দলকেও এতে সাড়া দিতে হবে। নয়তো উভয়কেই এর দায় বহন করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের উপদেষ্টা ও সাবেক সাংসদ এস এম আকরাম, কমিটির সদস্য আবু বকর সিদ্দিক ও ইফতেখার আহমেদ।