বাসে উঠে বাস প্রতীকে ভোট চাইলেন তাবিথ
নিজের নির্বাচনী প্রতীক বাসে উঠে ভোট চাইলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল। মিনিবাস থেকে শুরু করে দ্বিতল—সব ধরনের বাসে উঠে গতকাল সোমবার তিনি যাত্রীদের কাছে ভোট চান।
রাজধানীর কারওয়ান বাজার, ফার্মগেট এলাকায় তাবিথ বাসে উঠে প্রচারণা চালান। তিনি ভোট চাওয়ার পাশাপাশি নগরবাসীকে সেবা করার অঙ্গীকারও করেন।
দুপুরে তাবিথ ও তাঁর সমর্থকেরা কারওয়ান বাজার কাঁচাবাজারে ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে ভোটের জন্য প্রচারণা চালান। এরপর তিনি কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে যান। এ সময় ওই সড়কে যানজটে দাঁড়িয়ে থাকা বাস-মিনিবাসে গণসংযোগ করেন তাবিথ আউয়াল। কখনো বাসের ভেতরে, কখনো দরজায় দাঁড়িয়ে বাস প্রতীকের লিফলেট ও খোলা চিঠি যাত্রীদের হাতে তুলে দেন।
এরপর তাবিথ আউয়াল সন্ধ্যা পর্যন্ত গণসংযোগ করেন ২৭ নম্বর ওয়ার্ডের গ্রিন রোড সুপার মার্কেট, পূর্ব রাজাবাজার, ইন্দিরা রোড, তেজগাঁও কলেজ, ফার্মগেট, খামারবাড়ী, শেরেবাংলা নগর, মণিপুরিপাড়া, আওলাদ হোসেন মার্কেট এলাকায়। ২৪ নম্বর ওয়ার্ডের তেজগাঁও রেলগেট বাসস্ট্যান্ড, বিজি প্রেস স্টাফ কোয়ার্টার, দক্ষিণ বেগুনবাড়ী, উত্তর বেগুনবাড়ী, দক্ষিণ কুনিপাড়া, মধ্য কুনিপাড়া ও উত্তর কুনিপাড়ায়। ২৫ নম্বর ওয়ার্ডের নাবিস্কো রেলগেট, পূর্ব নাখালপাড়া, পশ্চিম নাখালপাড়া, শাহীনবাগ, আরজতপাড়া ও রসুলবাগে।
তাবিথের সঙ্গে ছিলেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান ও ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি আবদুল হাই শিকদার।
প্রচারের সময় শওকত মাহমুদ বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে সব কটি সিটি নির্বাচনে আমাদের প্রার্থীরাই জয়ী হবেন।’
সেলিমা রহমান ও তাবিথ আউয়ালের মায়ের গণসংযোগ: বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও তাবিথ আউয়ালের মা নাসরিন ফাতেমা আউয়াল ট্রাকে চড়ে তাবিথের পক্ষে গণসংযোগ করেন। বেলা ১১টায় পল্লবীর কালশী থেকে তাঁরা প্রচারণা শুরু করেন। এরপর মিরপুর সাড়ে ১২, রূপনগরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে বাস প্রতীকে ভোট চান।