বাসে উঠে র‌্যাব পরিচয় ব্যবসায়ীকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গতকাল বৃহস্পতিবার চলন্ত বাস থামিয়ে র‌্যাব পরিচয় দিয়ে এক ব্যবসায়ীকে মাইক্রোবাসে তুলে নেন চার ব্যক্তি। পরে তাঁর কাছ থেকে চার লাখ টাকা ছিনতাই করে চোখ বাঁধা অবস্থায় তাঁকে টাঙ্গাইলের নাগরপুর এলাকায় ফেলে রেখে যান তাঁরা।ব্যবসায়ীর কাছ থেকে খবর পেয়ে অপহরণে ব্যবহূত একটি মাইক্রোবাসসহ এর চালককে গ্রেপ্তার করেছে টাঙ্গাইলের দেলদুয়ার থানার পুলিশ। উদ্ধার হওয়া ওই ব্যবসায়ীর নাম প্রবোধ চন্দ্র রায়। তাঁর বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরঙ্গাইল এলাকায়। বরঙ্গাইল বাজারে তাঁর একটি ওষুধের দোকান আছে।পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ শহর থেকে চার লাখ টাকা নিয়ে বাসে করে বরঙ্গাইল যাচ্ছিলেন প্রবোধ। ঘিওরের বানিয়াজুরী এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বাসটির গতিরোধ করে একটি সাদা রঙের মাইক্রোবাস। এ সময় মাইক্রোবাস থেকে র‌্যাব লেখা জ্যাকেট পরা একজন এবং সাদা পোশাকে আরও তিনজন ব্যক্তি বাসে ঢুকে ওই ব্যবসায়ীকে বলেন, ‘তোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। চল।’ এরপর তাঁরা প্রবোধকে বাস থেকে নামিয়ে চোখ বেঁধে মাইক্রোবাসে ওঠান। রওনা করেন টাঙ্গাইলের দিকে। প্রবোধের ব্যাগে থাকা চার লাখ টাকা লুট করে তাঁকে নাগরপুর ফেলে রেখে যান ওই ব্যক্তিরা। স্থানীয় লোকজনের সহায়তায় প্রবোধ ঘটনাটি নাগরপুর থানায় জানান। এরপর ঘটনাটি দেলদুয়ার থানায় জানানো হয়। দ্রুত সড়কে তল্লাশি চৌকি বসায় দেলদুয়ার থানার পুলিশ। দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া প্রথম আলোকে বলেন, দুপুর একটার দিকে টাঙ্গাইল-পাকুইল্যা সড়কের পাকুইল্যা থেকে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে র‌্যাবের একটি পোশাক ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় চালক শাহিনুল ইসলামকে। তবে লুট হওয়া টাকা পাওয়া যায়নি।ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ-উল ইসলাম বলেন, ব্যবসায়ী প্রবোধ ঘিওর থানায় একটি ছিনতাই মামলা করেছেন। মাইক্রোবাস চালক শাহিনুলকে থানায় আনা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে লুট হওয়া অর্থ উদ্ধার এবং তাঁর সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।