বাসে ও বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে কুমিল্লাগামী একটি বাসে গত সোমবার গভীর রাতে ডাকাতি হয়েছে। পুলিশ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে। একই রাতে মৌলভীবাজারের কমলগঞ্জে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতদের হামলায় ছয়জন আহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:দাউদকান্দি (কুমিল্লা): ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথে যাত্রীবেশী ডাকাতদের কবলে পড়ে নগদ টাকা, মুঠোফোনসহ মূল্যবান মালামাল খুইয়েছেন কুমিল্লার ৩০ বাসযাত্রী। গত সোমবার রাত একটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।যাত্রীরা জানান, ঢাকার সায়দাবাদ বাসস্ট্যান্ড থেকে রাত ১২টার দিকে বাসটি যাত্রা শুরু করে। বাসটি লাঙ্গলবন্দ এলাকায় এসে পৌঁছালে যাত্রীবেশী একদল ডাকাত বাসটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এ সময় তারা অস্ত্রের মুখে ৩০ জন যাত্রীর কাছ থেকে মুঠোফোন, নগদ টাকাসহ দুই লাখ টাকার মালামাল ছিনিয়ে নেয়। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে যাত্রী সিদ্দিকুর রহমান (৫৩), অবিনাশ চন্দ্র শীল (৪৫), শামীম (৩২), আল-আমিন (১৮), সোহরাব (২৭), সোহেল (২১) আহত হন। তাঁদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গজারিয়ার হাইওয়ে পুলিশ ডাকাতির ঘটনা আঁচ করতে পেরে দাউদকান্দি হাইওয়ে পুলিশকে খবর দেয়। দাউদকান্দি হাইওয়ে পুলিশ মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর এলাকায় গতিরোধ করে ডাকাতদের পাঁচজনকে ধরতে সক্ষম হয়। আটককৃত ডাকাতেরা হলেন রাতুন (২৭), জামশেখ মোল্লা (৩২), সফিক (১৭), ইলিয়াছ (২২) ও রায়তুল (২০)। দাউদকান্দি হাইওয়ে পুলিশের সার্জেন্ট ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।কমলগঞ্জ (মৌলভীবাজার): কমলগঞ্জ পৌরসভার এক প্রবাসীর বাড়ি ও মুন্সীবাজার ইউনিয়নের বাদে সোনাপুর গ্রামে আরেক প্রবাসীর বাড়িতে একই রাতে ডাকাতি হয়েছে। রাত একটার দিকে পৌরসভার ১নং ওয়ার্ড করিমপুর গ্রামে সৌদি প্রবাসী নূরুল হকের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ১০-১২ জনের একটি ডাকাত দল ঘরে ঢুকে নারী ও শিশুদের বেঁধে ফেলে। পরে তারা চার ভরি স্বর্ণালংকার ও দুটি মুঠোফোন নিয়ে যায়। রাত তিনটার দিকে বাদে সোনাপুর গ্রামের বাহরাইন প্রবাসী শানু মিয়ার বাড়িতে ডাকাত দল হানা দেয়। বাড়ির লোকজনকে বেঁধে রেখে তারা সাত ভরি স্বর্ণালংকার, নগদ পাঁচ হাজার টাকা ও তিনটি মুঠোফোন লুটে নেয়। এ সময় ডাকাতদের হামলায় নজির মিয়া (৪৫), আশিক মিয়া (৪৫), রঞ্জিত ভট্টাচার্য (৪০), কনু মিয়া, ভুট্টো ও দিলু নামে ছয়জন আহত হয়েছেন। এঁদের মধ্যে গুরুতর আহত নজির মিয়া, আশিক মিয়া ও রঞ্জিত ভট্টাচার্যকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। জানতে চাইলে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দীন তদন্ত ছাড়া কিছু বলতে রাজি হননি।