বাসে চড়ে তাবিথের 'বাস প্রতীকে' প্রচার

‘বাস প্রতীকে’ ভোট চাইতে বাসে প্রচারণা চালিয়েছেন বিএনপি-সমর্থিত ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। গতকাল রোববার প্রচারণার শেষ দিনে তাবিথ আউয়াল ঢাকা উত্তরের ৩৬টি ওয়ার্ডের প্রায় সবগুলোতে যান। তিনি ভোটারদের সঙ্গে হাত মিলিয়েছেন, পথসভায় বক্তৃতা করেছেন এবং প্রচারপত্র বিলি করেন।
তাবিথ গতকাল সকালে প্রচারণা শুরু করেন শাহজাদপুরে পথসভার মাধ্যমে। এরপর সিটি পরিবহনের একটি বাসের সামনের দিকের একটি আসনে বসে পথ চলতি মানুষের উদ্দেশে হাত নাড়েন। এ সময় তাঁর কর্মীরা বাস প্রতীক, তাবিথ আউয়াল ও খালেদা জিয়ার নামে স্লোগান দেন। পাশাপাশি কর্মীরা বাস থেকেই মানুষের উদ্দেশে প্রচারপত্র ছুড়ে মারেন। পথে বাজার, বিপণিবিতান, মানুষের ভিড়ের মধ্যে নেমে গণসংযোগ করেন তাবিথ।
তাবিথ আউয়ালকে বহনকারী বাসটির দুই পাশে তাঁর ছবি ও বাস প্রতীক-সংবলিত ব্যানার টানানো ছিল। বাসটিতে গাদাগাদি করে সমর্থকেরা অবস্থান নেন। নেতা গোছের কিছু ব্যক্তি ও নিজস্ব নিরাপত্তারক্ষীদের বহনের জন্য ছিল আরও পাঁচ-ছয়টি গাড়ি। পথে পথে গণসংযোগের সময় স্থানীয় বিএনপির কিছু নেতা-কর্মীদেরও যুক্ত হতে দেখা যায়।
গণসংযোগকালে তাবিথ আউয়াল ভোটারদের উদ্দেশে বলেন, ‘আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন। কেউ ভোট কারচুপি, ডাকাতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের প্রতিহত করবেন। ব্যালটের মাধ্যমে আমাকে বিজয়ী করলে আপনারা ঢাকাবাসী-ই বিজয়ী হবেন।’ দিনভর এ গণসংযোগের সময় তিনি সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা, সবার জন্য সমান সুযোগ না থাকা, এজেন্টদের ভয়ভীতি প্রদর্শন, নিজের লোকজনকে গ্রেপ্তার, হামলা ও সর্বোপরি নির্বাচন কমিশনের প্রশ্নবিদ্ধ ভূমিকার অভিযোগ তোলেন।
প্রচারণাকালে ফুটপাতের এক দোকানদার তাবিথ আউয়ালের হাত ধরে আদর করেন। আরেক ফল বিক্রেতা ভোট দিতে যেতে পারবেন কি না, সেই শঙ্কা প্রকাশ করেন।