বাসে ছিনতাইয়ের অভিযোগ, তিনটি কক্ষ ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা একটি বাসে এক আত্মীয়ের টাকা ছিনতাইয়ের অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের তিনটি কক্ষে ভাঙচুর চালিয়েছেন ছাত্রলীগের কয়েকজন কর্মী। প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বেলা ১১টার দিকে সবুজ, নয়ন, বেলাল, ওয়াদুদ, সুজলসহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পাঁচ-সাতজন কর্মী পরিবহন দপ্তরে গিয়ে পরিবহন প্রশাসকের কক্ষসহ তিনটি কক্ষে ভাঙচুর চালান। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক মাহবুবর রহমান, পরিবহন প্রশাসক রেজওয়ানুল ইসলাম ও প্রক্টরিয়াল বডির সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।ছাত্র উপদেষ্টা ও পরিবহন প্রশাসকের কাছে মো. সবুজ অভিযোগ করেন, শুক্রবার দুপুরে তাঁর এক খালাতো ভাই বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে ঝিনাইদহ থেকে ক্যাম্পাসের দিকে আসছিলেন। ঝিনাইদহের মদনডাঙা নামক স্থানে বাসের হেলপার রাকিব তাঁকে মারধর করে প্রায় ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরিবহন প্রশাসক রেজওয়ানুল ইসলাম বলেন, বিষয়টি উপাচার্য ও সহ-উপাচার্যকে জানানো হয়েছে। এ বিষয়ে বাসের চালক ধলা মিয়া জানান, হেলপারের সঙ্গে এক যাত্রীর কথা কাটাকাটির একপর্যায়ে হেলপার ওই যাত্রীকে মারধর করলে তিনি তা ঠেকিয়ে দেন। টাকা ছিনতাইয়ের বিষয়টি ঠিক নয়। হেলপারের মুঠোফোন বন্ধ থাকায় কথা বলা যায়নি।