বাসে ডাকাতি, অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেপ্তার
নাটোরের গুরুদাসপুর উপজেলায় যাত্রীবাহী বাসে ডাকাতির সময় গত শুক্রবার রাতে টহল পুলিশ অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: পাবনার সাঁথিয়া উপজেলার সৈয়দপুর গ্রামের কালু (৩০), সুজানগর উপজেলার আনোয়ার হোসেন (৩৫), ঢাকার মিরপুরের রাসেল (২০), লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার গাঁয়েরচর গ্রামের আনোয়ার হোসেন (২৮) ও বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর গ্রামের জাহিদ (২০)।গুরুদাসপুর থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড থেকে এস কে ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস দিনাজপুরের উদ্দেশে ছেড়ে আসে। বাসটি রাস্তায় বিভিন্ন জায়গা থেকে যাত্রী তোলে। ওই বাসটি বঙ্গবন্ধু সেতু পার হয়ে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় এলে যাত্রীবেশী ডাকাত দল চালককে মারধর করে বাসটি নিয়ন্ত্রণে নেয় এবং যাত্রীদের জিমিঞ্চ করে ফেলে।বাসের যাত্রী আয়নুল হক, ইউসুফ আলী ও শরিফুল ইসলাম জানান, বাসে ৬০-৬৫ জন যাত্রী ছিল। ১৬-১৭ জনের ডাকাত দল পিস্তল ও দেশীয় অস্ত্র দিয়ে সবাইকে জিম্মি করে। এরপর তারা যাত্রীদের মারধর করে নগদ টাকা ও মুঠোফোনের সেট ছিনিয়ে নেয়। একপর্যায়ে বাসটি দিনাজপুরের দিকে না গিয়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে গিয়ে ওঠে এবং রাত আড়াইটার দিকে গুরুদাসপুরের টোলপ্লাজায় গিয়ে থামে। তখন আয়নুল হক কৌশলে বাস থেকে লাফিয়ে পড়েন এবং সেখানে দায়িত্বরত টহল পুলিশকে বিষয়টি জানান।গুরুদাসপুর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আ. মতিন জানান, ডাকাত দলে ১৬ জন ছিল। পাঁচজনকে আটক করা গেলেও অন্যরা পালিয়ে যায়। ডাকাতির কাজে ব্যবহূত কিছু দেশীয় অস্ত্রসহ দুই হাজার ৭০০ টাকা উদ্ধার করা গেছে। তবে তিনি যাত্রীদের বরাত দিয়ে জানান, যাত্রীদের কাছ থেকে প্রায় দেড় লাখ টাকাসহ ১৮টি মুঠোফোনের সেট লুটপাটের ঘটনা ঘটেছে। বাসটির সুপারভাইজার ওবায়দুর রহমান বাদী হয়ে শনিবার গুরুদাসপুর থানায় একটি মামলা করেছেন। গতকাল রোববার সকালে ডাকাতদের আদালতের মাধ্যমে নাটোরের জেলহাজতে পাঠানো হয়েছে।