বাসে ডাকাতি, ৪ ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া থেকে ঢাকা আসার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল রোববার রাতে যাত্রীবাহী একটি বাসে ডাকাতি হয়েছে। রাতেই গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকা থেকে ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে ওই বাসের কমপক্ষে ১০ যাত্রী আহত হন।
গ্রেপ্তার হওয়া ডাকাত সদস্যরা হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর থানার ক্ষুদ্র কুষ্টিয়া এলাকার মো. শিপন মিয়া (২০), একই এলাকার আনোয়ার হোসেন (১৯), একই থানার ঝাজিরা এলাকার মিরাজুল ইসলাম (১৮) ও বগুড়ার শেরপুর থানার বাগরা এলাকার রেফাত আলী (২০)।
পুলিশ ও বাসের আহত যাত্রীরা জানান, গতকাল রাতে বগুড়া থেকে ঢাকার উদ্দেশে রাহুল এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস রওনা হয়। টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় পৌঁছলে যাত্রীবেশে থাকা পাঁচ-ছয়জন অস্ত্রধারী ডাকাত সদস্যরা বাসের চালক ও যাত্রীদের গুলি করার ভয় দেখিয়ে জিম্মি করেন। পরে তাঁরা যাত্রীদের কাছ থেকে লুটপাট শুরু করেন। এ সময় যাত্রীরা বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাত সদস্যরা চাপাতি দিয়ে কোপায় ও রড দিয়ে পেটান। এতে বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হন। বাসটি রাত সোয়া একটার দিকে চন্দ্রা এলাকায় পৌঁছলে বাসের যাত্রীরা রাস্তায় কালিয়াকৈর থানার পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যদের টহল দিতে দেখেন। এ সময় যাত্রীরা বাঁচাও-বাঁচাও বলে চিত্কার করলে টহল পুলিশ বাসটির গতিরোধ করে। বাসটি থামলে ডাকাত সদস্যরা দৌড়ে পালাতে গেলে পুলিশ ও স্থানীয় লোকজন চার ডাকাতকে গ্রেপ্তার করে। পুলিশ তাঁদের কাছ থেকে একটি দেশীয় পিস্তল, তিনটি চাপাতি, ১২টি মোবাইল সেট, আটটি মানিব্যাগ, নগদ আট হাজার ২৬৩ টাকা ও আট বোতল ফেনসিডিল জব্দ করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোনাবাড়ি হাইওয়ে থানার পরিদর্শক আলমগীর সিদ্দিক বলেন, এ ঘটনায় কালিয়াকৈর থানায় ডাকাতির মামলা করার প্রস্তুতি চলছে। আহত ব্যক্তিদের স্থানীয় ক্লিনিকে চিকিত্সা দেওয়া হয়েছে।