বাসে ডাকাতিকালে ছয়জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রীবাহী বাসে ডাকাতির সময় গত শুক্রবার রাতে কুমিল্লা সেনানিবাস এলাকায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া তাদের কাছ থেকে ১০ হাজার টাকা, ছুরি, চাকু, চাপাতি ও চারটি মুঠোফোন সেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় গতকাল শনিবার মামলা হয়েছে। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন: কুমিল্লা শহরের তেলিকোনা এলাকার বখতিয়ার উদ্দিন ওরফে বাপ্পী (২৭), আদর্শ সদর উপজেলার আমতলী এলাকার মো. সফিক (২৪), দাউদকান্দি উপজেলার ইসলামপুর গ্রামের তারেক আহাম্মদ (২০), মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বক্তারকান্দি গ্রামের সোহাগ (১৯), বুড়িচংয়ের বাহেরচর গ্রামের মাইনুদ্দিন (১৮) ও দেবীদ্বার উপজেলার দারিনাপুর গ্রামের সোহাগ (১৮)। পূর্বাঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার (এসপি) এম এম রেজাউল করিম প্রথম আলোকে বলেন, তিশা পরিবহনের ওই বাসটি শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার উদ্দেশে ঢাকা ছেড়ে আসে। বাসটি কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগর এলাকায় এলে যাত্রীবেশী ডাকাতদলের সদস্য আমির হোসেন অস্ত্রের ভয় দেখিয়ে বাসের চালককে সরিয়ে নিজেই চালকের আসনে বসেন। অন্য ডাকাত দলের অন্য সদস্যরা যাত্রীদের কাছ থেকে টাকাপয়সা ও মালামাল লুট করে। বাসটি রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লা সেনানিবাস এলাকায় এলে যাত্রীরা চিৎকার দেয়। তখন সেখানে কর্তব্যরত হাইওয়ে পুলিশ বাসটি আটক করে। এ সময় ডাকাত দলের কয়েকজন সদস্য জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে যায়। ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার করা ব্যক্তিরা আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাঁরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতিতে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।