বাসে নারী, শিশুর আসন সংরক্ষণে আইন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণপরিবহনে নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসনে যাতে অন্য কোনো যাত্রী বসাতে না পারে, সে জন্য আইন প্রণয়ন হচ্ছে। গতকাল রোববার সংসদে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জাসদের সাংসদ লুৎফা তাহেরের এ-সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকা মহানগরীতে নারীদের স্বাচ্ছন্দ্যে যাতায়াতের জন্য প্রতিটি মিনিবাসে ছয়টি এবং বড় বাসে নয়টি আসন নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আছে। এসব আসনে যাতে অন্য কেউ বসতে না পারে, সে জন্য সড়ক পরিবহন আইনের সংশোধনীতে একটি বিধান রাখা হয়েছে। ভবিষ্যতে শুধু নারীদের বহনের জন্য বাসের সংখ্যা আরও বাড়ানো হবে।

নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশে বর্তমানে নিবন্ধিত যানবাহনের সংখ্যা ২৫ লাখ ৭৪ হাজার ৫৪৮টি। এর মধ্যে কার ২ লাখ ৯৫ হাজার ৯৪০, মাইক্রোবাস ৮৭ হাজার ৭৬৫, মোটরসাইকেল ১৪ লাখ ৭৫ হাজার ৯২৬, বাস ৩৭ হাজার ১৪৪, ট্রাক ১ লাখ ১৬ হাজার ১৩১ এবং লরি ৪ হাজার ২৬৩টি। মন্ত্রী জানান, মোটরযানের কর ও ফি বাবদ বছরে ৮০০ থেকে ১ হাজার ৪০০ কোটি টাকা রাজস্ব আদায় হয়।

আমিনা আহমেদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকা মহানগরীতে বর্তমানের মিনিবাসের পরিবর্তে বড় বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ কারণে মিনিবাস ও অটোরিকশার রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে না।

ওয়ার্কার্স পার্টির হাজেরা বেগমের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী মুজিবুল হক সংসদকে জানান, রেলওয়ের অবৈধ দখলে থাকা জমির পরিমাণ ৪ হাজার ৩৯১ দশমিক ৩৯ একর। এর মধ্যে বেসরকারি ব্যক্তি/প্রতিষ্ঠান, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের অবৈধ দখলে রয়েছে ৩ হাজার ৪৬৯ দশমিক শূন্য ৫ একর এবং সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার অবৈধ দখলে রয়েছে ৯২২ দশমিক ৩৪ একর।

আবদুল মতিনের প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক বলেন, দেশের মোট বস্ত্র চাহিদার ৪০ শতাংশ তাঁতশিল্প থেকে পূরণ হয়ে থাকে।

আখতার জাহানের প্রশ্নের জবাবে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়াধীন নারী কর্মকর্তার সংখ্যা মোট ১ হাজার ২১০ জন। এর মধ্যে সচিব/ভারপ্রাপ্ত সচিব ৭, অতিরিক্ত সচিব ৫৮, যুগ্ম সচিব ১০৪, উপসচিব ১৮৯, সিনিয়র সহকারী সচিব ৩৩৭, সহকারী সচিব ৩৮৯, নন ক্যাডার সহকারী সচিব ৬, দশম গ্রেডের কর্মকর্তা ২২ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সংযুক্ত দপ্তর/ সংস্থায় কর্মকর্তার সংখ্যা ৯৮ জন।

দিদারুল আলমের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, ডিসেম্বর ২০১৫ পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও দপ্তরে ১৩ লাখ ৮২ হাজার ৩৯৩টি পদের বিপরীতে ৩ লাখ ২৮ হাজার ৩১১টি পদ শূন্য রয়েছে।

আ খ ম জাহাঙ্গীর হোসাইনের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ৩১ মার্চ ২০১৬ পর্যন্ত উচ্চ আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪ লাখ ১২ হাজার ৯৫টি। এর মধ্যে হাইকোর্ট বিভাগে ৩ লাখ ৯৯ হাজার ৩০৩ এবং আপিল বিভাগে ১২ হাজার ৭৯২টি।

প্রশ্নোত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।