বাসে পিকেটারদের হামলা, ৫০টি গুলি ছুড়ে জবাব

নোয়াখালীতে পুলিশ পাহারায় চলাচলের সময় বিআরটিসির একটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসে হামলা চালায় অবরোধকারীরা। জবাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শটগান ও চাইনিজ রাইফেলের গুলি ছুড়ে পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয়। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের নাপিতের পোল ও মাইজদী বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেন। জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান প্রথম আলোর কাছে দাবি করেন, পুলিশের হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের চারজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, পিকেটারদের ছোড়া ইটের আঘাতে সুধারাম (সদর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার হাতে আঘাত পান। তাঁকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়।
গুলিবিদ্ধ হয়ে আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন কাউছার হোসেন ওরফে ফারুক (২৬), মো. ফারুক (২৮) ও আকবর হোসেন (৩৫)। শহরের একটি বেসরকারি হাসপাতালে তাঁদের চিকিত্সা চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগে-পিছে পুলিশের পাহারায় শহরের সোনাপুরের বিআরটিসির বাস ডিপো থেকে একটি বাস ঢাকার উদ্দেশে যাওয়ার পথে পিকেটারদের হামলার মুখে পড়ে। পিকেটাররা ঢিল ছুড়ে গাড়ির চার-পাঁচটি জানালার কাচ ভেঙে ফেলে। এ অবস্থায় পিকেটারদের ছত্রভঙ্গ করতে অন্তত ৫০টি গুলি ছোড়ে পুলিশ।
জানতে চাইলে বাসে ঢিল নিক্ষেপের কথা নিশ্চিত করে পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান প্রথম আলো ডকটমকে বলেন, পিকেটারদের ছত্রভঙ্গ করতে শটগান ও চাইনিজ রাইফেল থেকে ৫০টি গুলি ছোড়া হয়েছে।