বাসে পেট্রল বোমা, একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগে আজ শনিবার রাতে যাত্রীবাহী একটি বাসকে লক্ষ্য করে পেট্রল বোমা ছুঁড়ে দুর্বৃত্তরা। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তিন পথচারীকে চাপা দেয়। ঘটনাস্থলেই নিহত হন হাবিবুর রহমান (৩২) নামের এক পথচারী। আহত হয়েছেন আরও পাঁচজন।

আহতদের মধ্যে গোলাম কিবরিয়া নামের এক পথচারীর হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। পেট্রল বোমায় দগ্ধ হয়েছেন রেজাউল করিম ও এহসানুল হাসান নামের দুই বাসযাত্রী। এ ছাড়াও আহত হয়েছেন চালকের সহযোগী মনির হোসেন ও পথচারী মহিউদ্দিন। আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রাত আটটার দিকে মালিবাগ চৌধুরী পাড়ায় রামপুরাগামী সুপ্রভাত পরিবহনের একটি যাত্রীবাহী বাস লক্ষ্য করে পেট্রল বোমা ছুঁড়ে দুর্বৃত্তরা। এতে বাসের মাঝখানে আগুন ধরে যায়। আতঙ্কিত হয়ে চালক বাসের গতি বাড়িয়ে দ্রুত স্থান ত্যাগ করার সময় চার পথচারীকে ধাক্কা দেন। আহত হন বাস চালকের সহকারী মনির হোসেনসহ চার পথচারী ও দুই যাত্রী। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক হাবিবুরকে মৃত ঘোষণা করেন।

হাবিবুরের ভাই মো. বাচ্চু জানান, স্টেডিয়াম মার্কেটে হাবিবুরের একটি সিডির দোকান আছে। উত্তরার পাঁচ নম্বর সেক্টর এলাকায় থাকতেন তিনি। গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদরে। বাবা আক্কাছ আলী শেখ। মাত্র কয়েক মাস আগে বিয়ে করেছিলেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, মিরপুরের বাসিন্দা আহত গোলাম কিবরিয়ার বাহু থেকে বাম হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। বাসযাত্রী রেজাউলের শরীরের সাত ভাগ পুড়ে গেছে। প্রায় একই পরিমাণ দগ্ধ হয়েছেন যাত্রী এহসানুল। তাঁদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। অপরদিকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হন চালকের সহকারী মনির। বাসের ধাক্কায় বাম পায়ের হাড় ভেঙ্গে যায় পথচারী মো. মহিউদ্দিনের। জন্ম থেকেই ওই পায়ে পোলিও আক্রান্ত তিনি।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিহঙ্গ পরিবহনের একটি বাস শাহবাগ শিশুপার্কের সামনে যাওয়ার পরই বাইরে থেকে কেউ বাসটি লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়ে মারে। এরপর যাত্রীরা হঠাত্ করেই বাসের সামনের দিকে আগুন দেখতে পান। সেই আগুন মুহূর্তেই ভেতরের দিকে ছড়িয়ে পড়ে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার লাইটপোস্ট ভেঙে সড়ক বিভাজকের ওপর উঠে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে সাংবাদিক, ব্যাংকার, ব্যবসায়ী, গাড়িচালকসহ ১৯ জন দগ্ধ হন। গতকাল দুপুর পর্যন্ত এ ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।