বাসে পেট্রলবোমা ছোড়ার মামলায় বর্তমান ও সাবেক মেয়র আসামি
রাজশাহীতে বাসে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক মেয়র মিজানুর রহমানকে আসামি করা হয়েছে। গত মঙ্গলবার রাতে রাজশাহী নগরের বোয়ালিয়া থানায় দায়ের করা এই মামলায় এই দুই নেতাসহ বিএনপি-জামায়াতের ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে।
মামলাটি দায়ের করেছেন বোয়ালিয়া থানার উপপরিদর্শক এসআই তৌহিদুল ইসলাম। মামলায় অজ্ঞাতনামা আরও ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে।
বোয়ালিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদুর রহমান জানান, গত সোমবার রাতে শিশির পরিবহনে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার ঘটনায় মামলাটি দায়ের হয়েছে। তিনি জানান, বিএনপির যুগ্ম মহাসচিব এবং রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেনকে নেতৃত্ব দেওয়ার কারণে এ মামলায় আসামি করা হয়েছে। এ মামলায় এজাহারনামীয় কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি। তবে অজ্ঞাতনামা পাঁচজনকে গত বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে।
গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের রেশম ভবনের সামনে শিশির পরিবহন নামের যাত্রীবাহী বাসে অবরোধকারীরা পেট্রলবোমা ছুড়ে মারলে আম্বিয়া বেগম (৫০) নামের এক নারী দগ্ধ হন। তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। আম্বিয়া বেগম চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর এলাকার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ইসরাফিল হকের স্ত্রী।