বাসে পেট্রলবোমা মেরে আটজনকে হত্যায় খালেদাসহ ৭৮ জনের বিরুদ্ধে বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া। ফাইল ছবি
খালেদা জিয়া। ফাইল ছবি

বাসে পেট্রলবোমা মেরে আটজনকে পুড়িয়ে মারার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলটির ৭৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে কুমিল্লার একটি আদালতে বিচার শুরু হয়েছে। একই সঙ্গে খালেদা জিয়াসহ ৭৮ জনকে পলাতক দেখিয়ে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ সোমবার কুমিল্লার জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগমের আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করা হয়। এরপর বিচারক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

কুমিল্লার সরকারি কৌশলী (পিপি) মোস্তাফিজুর রহমান প্রথম আলো এ কথা জানান।

খালেদা জিয়া চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন।

২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত তিনটায় জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করা হলে বাসটির আটজন যাত্রী মারা যান। এ ঘটনার পর পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। গত ২ মার্চ পুলিশ মামলার অভিযোগপত্র দেয়। গতকাল আদালত অভিযোগপত্র গ্রহণ করেন।

এদিকে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল ও ছাত্রদল আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে।