বাসে পোশাকশ্রমিক ধর্ষণ, মামলার রায় বৃহস্পতিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে চলন্ত বাসে নারী পোশাকশ্রমিককে ধর্ষণ করার ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার।

আজ রোববার বিকেলে দুই পক্ষের আইনজীবীদের শুনানি শেষে জেলা জজ এ কে এম মোস্তফা দেওয়ান রায়ের দিন ধার্য করেন।
গত বছরের ২৪ জানুয়ারি দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলায় চলন্ত বাসে এক নারী পোশাকশ্রমিক (১৮) ধর্ষণের শিকার হন। অভিযোগে বলা হয়, বাসচালক দীপু তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। পরে তাঁর সহকারী কাশেম ওই পোশাকশ্রমিককে ধর্ষণ করেন। ওই দিন বিকেলে মানিকগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পোশাকশ্রমিককে উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়।
এ ঘটনায় ওই দিন রাতে ধর্ষণের শিকার পোশাকশ্রমিক বাসের চালক দীপু মিয়া ও সহকারী কাশেম মিয়াকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা পরিচালনার দায়িত্ব নেয় মহিলা আইনজীবী সমিতি। ওই দিন বিকেলে পুলিশ মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে দীপুকে এবং রাতে ঢাকার আশুলিয়ার নবীনগর থেকে কাশেমকে গ্রেপ্তার করে। পরের দিন (২৫ জানুয়ারি) আসামি দীপু ও কাশেমকে আদালতে হাজির করা হয়। আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তাঁরা। জবানবন্দি শেষে বিচারক শেখ মো. মুজাহিদ-উল ইসলাম আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
বাসচালক দীপু মিয়া (৩২) মানিকগঞ্জ সদর উপজেলার গুরকি গ্রামের আতরাফ হোসেনের ছেলে এবং সহকারী কাশেম মিয়া (২৬) একই উপজেলার দুলাপাড়া গ্রামের বিন্দু মিয়ার ছেলে।
আজ জেলা ও দায়রা জজ আদালতে দুই পক্ষের আইনজীবীরা দীর্ঘ সময় যুক্তিতর্ক উপস্থাপন করেন। এতে বাদীপক্ষে শুনানিতে অংশ নেন সরকারি কৌঁসুলি (পিপি) আবদুস সালাম, মহিলা আইনজীবী সমিতির তৌহিদা খন্দকার, ফাহমিদা আক্তার ও মনোয়ারা বেগম এবং আসামিদের পক্ষে ছিলেন মহিউদ্দিন আহমদ ও আবদুল জলিল মোল্লা। পিপি আবদুস সালাম ও তৌহিদা খন্দকার বলেন, মামলায় ১৪ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে। মামলার রায়ে আসামিদের সর্বোচ্চ সাজা প্রতিফলন হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেছেন।