বাসে বাড়তি ভাড়া আদায় যাত্রীদের ভোগান্তি
মুন্সিগঞ্জের গজারিয়া ও সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকামুুখী বাসগুলোতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। আর পর্যাপ্ত যানবাহনের অভাবে ঢাকায় ফিরতে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।গত দুই দিন রায়গঞ্জ উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা বাসস্ট্যান্ড ও হাটিকুমরুল গোলচত্বরে গিয়ে দেখা গেছে, শত শত মানুষ সড়কে দাঁড়িয়ে আছে। চান্দাইকোনা বাসস্ট্যান্ডে বাসের অপেক্ষায় থাকা ঢাকার একটি পোশাক কারখানার শ্রমিক জোসনা বেগম বলেন, ‘খুব সকাল থেকে দাঁড়িয়ে আছি। কিন্তু বাসে উঠতে পারছি না; সব বাসই যাত্রীবোঝাই হয়ে আসছে।’ মাসুদ রানা নামের আরেকজন বলেন, বেশি ভাড়া দিয়েও ভালো মানের বাসে ওঠা যাচ্ছে না।হাটিকুমরুল গোলচত্বরে অপেক্ষমাণ সুজন জানান, সাধারণ বাসগুলো ১২০ টাকার পরিবর্তে ২৫০ টাকা ভাড়া নিচ্ছে। সাধারণ বাসগুলো ছাদে ৫০ টাকা, ভেতরে দাঁড়িয়ে ১০০ টাকা এবং আসনে ২৫০ টাকা ভাড়া নিচ্ছে। একটি বাসের চালকের সহকারী হাসান আলী বলেন, ঢাকা থেকে খালি গাড়ি নিয়ে ফিরতে হচ্ছে। তাই বেশি ভাড়া নেওয়া হচ্ছে। গাড়িগুলোতে অতিরিক্ত যাত্রী বহনের ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীনবন্ধু বলেন, এ সময়ে অনেক কিছুই মেনে নিতে হয়।যাত্রীদের সূত্রে জানা গেছে, কুমিল্লার দাউদকান্দি সেতুর পূর্ব পাশের টোলপ্লাজা থেকে ঢাকার ভাড়া ৪৫ টাকা এবং মুন্সিগঞ্জের গজারিয়া বাউশিয়া ঘাট থেকে ৪০ টাকা। কয়েকজন যাত্রী অভিযোগ করেন, টোলপ্লাজা থেকে ব.াসগুলো ১০০ থেকে ১২০ টাকা এবং বাউশিয়া ঘাট থেকে ৬০-৮০ টাকা ভাড়া নিচ্ছে।কয়েকজন বাসযাত্রী জানান, দাউদকান্দি টোলপ্লাজা ও বাউশিয়া ঘাট এলাকা থেকে ঢাকায় যেতে দ্বিগুণ থেকে আড়াইগুণ বেশি ভাড়া নেওয়া হচ্ছে। এ ছাড়া এই পথের দড়িবাউশিয়া, ভবেরচর, ভাটেরচর, বালুয়াকান্দি ও জামালদি বাসস্ট্যান্ড থেকেও বেশি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা।ঢাকা-গজারিয়া-দাউদকান্দি পথের বাস মালিক সমিতির সভাপতি আমানউল্লার মুঠোফোনে গত সোমবার বেশি ভাড়া আদায়ের বিষয়ে জানতে চাইলে পরে কথা বলবেন বলে তিনি লাইন কেটে দেন। পরে যোগাযোগ করে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।