বাসে হামলাকারীদের বহিষ্কারের দাবিতে আবার কর্মবিরতি

শিক্ষকবাসে ককটেল হামলায় জড়িতদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে আজ বুধবার থেকে এক ঘণ্টা করে সাত দিন কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে এই কর্মসূচি পালন করা হবে।
গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও সংহতি সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি বেণু কুমার দে। তিনি বলেন, ‘হত্যার উদ্দেশ্যে শিক্ষকবাসে ককটেল হামলা হয়েছে। এই ঘটনায় যাদের গ্রেপ্তার করা হয়েছে ও স্বীকারোক্তিতে যাদের নাম এসেছে, তাদের সবাইকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে।’
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের পরিচালনায় সমাবেশে আরও বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শাহ আলম, হাসান মোহাম্মদ, দীপংকর শ্রীজ্ঞান বড়ুয়া, জিনবোধি ভিক্ষু, মঈনুল হক মিয়াজি, তাপসী ঘোষ রায়, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন শংকর লাল সাহা ও কলা অনুষদের ডিন সেকান্দর চৌধুরী, সিন্ডিকেট সদস্য মাছুম আহমেদ, পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী প্রমুখ।
১০ সেপ্টেম্বর শিক্ষকদের বহনকারী দুটি বাসে ককটেল হামলা হয়। এতে ১২ শিক্ষকসহ ১৪ জন আহত হন। হামলার জন্য পুলিশ ও ছাত্রলীগের পক্ষ থেকে শিবিরকে দায়ী করা হলেও শিবির তা অস্বীকার করেছে।