বাসে হেরোইন পাওয়ায় শ্রমিক আটক, প্রতিবাদে কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় বাসে অভিযান চালিয়ে এক কেজি হেরোইন উদ্ধারের পর শ্রমিক আটকের প্রতিবাদে কাল রোববার থেকে জেলায় শ্রমিকেরা কর্মবিরতি ঘোষণা দিয়েছেন। এতে পরিবহন-সংশ্লিষ্ট কয়েকটি সংগঠন একাত্মতা ঘোষণা করেছে।

আজ শনিবার সকাল ১০টায় কুষ্টিয়ার র‌্যাব-১২ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে র‌্যাবের স্থানীয় ক্যাম্পের কমান্ডার মেজর রবিউল ইসলাম হেরোইন উদ্ধার বিষয়ে জানান। তিনি বলেন, গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা বিবিএস এক্সক্লুসিভ মাহাদি এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাসে বিপুল পরিমাণ হেরোইন কুষ্টিয়ায় আসছে। খবর পেয়ে র‌্যাবের একটি দল সাদাপোশাকে কুষ্টিয়ার কেন্দ্রীয় বাসটার্মিনালে অবস্থান নেয়। বাসটি কেন্দ্রীয় টার্মিনালে পৌঁছালে বাসশ্রমিকেরা হেরোইন হস্তান্তরের জন্য অপেক্ষা করতে থাকেন। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাসচালক বাসটি নিয়ে পুনরায় চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা দিলে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল নামক স্থানে র‌্যাবের টহল দল বাসটিকে জব্দ করে। এ সময় বাসের চালক সোহেল রানা, সুপারভাইজার ঠান্টু ও চালকের সহকারী সাগরকে জিজ্ঞাসাবাদ করলে তাঁরা টুলবক্সে থাকা এক কেজি হেরোইন বের করে দেন, যার আনুমানিক মূল্য এক কোটি টাকা।

এ ঘটনায় তিনজনকে আটক করা হয়।

মেজর রবিউল ইসলাম বলেন, আটককৃত ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তাঁরা দীর্ঘদিন যাবৎ সীমান্ত এলাকা থেকে গাড়িতে করে হেরোইন নিয়ে এসে কুষ্টিয়াসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছেন। এর জন্য তাঁরা দৈনিক ২০ থেকে ২৫ হাজার টাকা পেয়ে থাকেন। এ ছাড়া এই কারবারের গডফাদারকে ধরতে অভিযান চালানো হচ্ছে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

এদিকে শ্রমিকদের আটকের প্রতিবাদে পরিবহন শ্রমিকেরা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। আজ দুপুরে জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ কর্মবিরতির ডাক দেওয়া হয়। মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে এ ডাক দেওয়া হয়।

জানতে চাইলে জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কোন বাসে কারা হেরোইন পাচার করছে, এর পেছনে কারা আছে, তাদের না ধরে শ্রমিকদের আটক করা হচ্ছে। তা ছাড়া বাসের যাত্রীদের সবার ব্যাগ চেক করা সম্ভব হয় না। তিনি আরও বলেন, শ্রমিকেরা কর্মবিরতির ডাক দিয়েছেন, এর সঙ্গে পরিবহন মালিকেরা একাত্মতা ঘোষণা করেছেন। তাই কাল সকাল ছয়টা থেকে জেলার সব ধরনের পরিবহন বন্ধ থাকবে। শ্রমিকদের ছেড়ে দেওয়া হলে শ্রমিকেরা কর্মবিরতি প্রত্যাহার করবেন। তবে জেলার ওপর দিয়ে অন্য জেলার পরিবহন চলতে পারবে।

সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আজগর আলীসহ পাঁচটি মালিক ও শ্রমিক সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।