বাসে ১৯ গুণ অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটি শেষে রাজধানীফেরত মানুষ নগরের সদরঘাটে ভাড়ানৈরাজ্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সদরঘাট থেকে দূরত্বভেদে বিভিন্ন পথে ৩ থেকে ১৯ গুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে। সদরঘাট থেকে গুলিস্তানের সরকারনির্ধারিত বাসভাড়া ৫ থেকে ৭ টাকা। অথচ ভোরের দিকে যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ১০০ টাকা।

গতকাল রোববার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমিতির পাঁচ সদস্যের একটি পর্যবেক্ষক দল গতকাল ভোরে সদরঘাটে যাত্রীদের দুর্ভোগ পর্যবেক্ষণ করেছে।

যাত্রী কল্যাণ সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সদরঘাট থেকে গুলিস্তান পর্যন্ত ২ দশমিক ১ কিলোমিটার দূরত্বের সরকারনির্ধারিত বাসভাড়া ৫ থেকে ৭ টাকা। অথচ এই পথ যেতে বাসে ১০০ টাকা, হিউম্যান হলারে ৫০ টাকা ও অটোরিকশায় ৫০০ টাকা গুনতে হচ্ছে যাত্রীদের। সদরঘাট থেকে মিরপুর-১০-এর সরকারনির্ধারিত বাসভাড়া ২৫ টাকা, অথচ নেওয়া হচ্ছে ২০০ টাকা।

যাত্রী কল্যাণ সমিতির অভিযোগ, বাসের মতো হিউম্যান হলারেও ২ থেকে ৯ গুণ পর্যন্ত বেশি ভাড়া নেওয়া হচ্ছে।

তবে সিএনজিচালিত অটোরিকশায় সবচেয়ে বেশি ভাড়া আদায় করা হচ্ছে বলে সমিতির পর্যবেক্ষণে উঠে এসেছে।

সমিতির পর্যবেক্ষণ বলছে, ভোর চারটা থেকে সকাল আটটা পর্যন্ত ভাড়া নিয়ে এই অনিয়ম চলে।