বাসেই বসে ছিল কিশোরীটি!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা ঘাট বাসস্ট্যান্ড থেকে গত বুধবার রাতে এক কিশোরীকে উদ্ধার করেছে এলাকাবাসী। পরে তাকে পুলিশের হেফাজতে দেওয়া হয়।
সোনারগাঁ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ বলেন, গত বুধবার রাতে ওই কিশোরী রাজধানীর গুলিস্তান থেকে বোরাক পরিবহনের একটি বাসে করে মেঘনা ঘাটে আসে। বাসের সব যাত্রী নেমে চলে যান। তবে কিশোরী বাসেই বসে ছিল। এ সময় এলাকাবাসী জড়ো হয়ে কিশোরীর নাম জিজ্ঞাসা করলে সে তার নাম রিনু আক্তার বলে জানায়। বাবার নাম বলে আবুল কালাম। গ্রামের বাড়ি চাঁদপুর জেলায় বলে জানায়। এর বেশি কিছু আর সে বলতে পারেনি। পরে তাকে এলাকাবাসী হেফাজতে রাখে। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে কিশোরীকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করে এলাকাবাসী।
এএসআই আজাদ আরও বলেন, ধারণা করা হচ্ছে, কিশোরীটি মানসিক প্রতিবন্ধী। তার বিষয়ে দেশের সব থানা-পুলিশকে বার্তা দেওয়া হয়েছে।