বাসেত মজুমদারের নামে অপপ্রচার হচ্ছে, প্রতিবাদে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদারের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচার হচ্ছে জানিয়ে এর প্রতিবাদে সমাবেশ করেছেন আইনজীবীরা। 

আজ বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সাধারণ আইনজীবীদের ব্যানারে ওই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
এ সমাবেশে ‘এ কী করলেন বাসেত মজুমদার!’ শিরোনামে একটি প্রতিবেদনের ছাপা কপি দেখিয়ে এবং এর কয়েকটি লাইন উদ্ধৃত করে আইনজীবী আবদুল বাসেত মজুমদার বলেন, ‘এখানে আরও অনেক কিছু লিখেছে। আমি উপদেষ্টামণ্ডলীর সদস্য একটা ছবিসহ দিয়েছে। কত মিথ্যা কথা এখানে প্রকাশ করা হয়েছে। আরও দু-একটা পত্রিকাতেও বেরিয়েছে।’ তিনি বলেন, সেদিন আমি শুধু একটা অনুরোধ করেছি। আদালতের কথা ভালোভাবে শুনতে পারিনি। সেদিন সমিতির সভাপতি-সম্পাদকও সেখানে ছিলেন। তাঁরাও বলেছেন, হতে পারে বার্ধক্য অবস্থাতে ভালোভাবে শুনতে পারেননি।’
আবদুল বাসেত মজুমদার বলেন, কিছু কিছু পত্রিকা লিখেছে ‘গরিবের আইনজীবী’, ‘আপন আলোয় আলোকিত বাসেত মজুমদার’ তাহলে কীভাবে লিখেন?
দায়িত্ববোধ থেকে উপস্থিত হয়েছেন জানিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন সমাবেশে বলেন, আসলে সভাটি সংবাদপত্রের বিরুদ্ধে নয়। তবে বিকৃত যে রিপোর্ট করা হয়েছে, সে সম্পর্কে মানুষের ও আইনজীবীদের জানার অধিকার আছে। শুধু বলতে চাই, বাসেত মজুমদার সম্পর্কে যে রিপোর্ট বেরিয়েছে, এই রিপোর্ট একেবারেই অসত্য।
জয়নুল আবেদীন বলেন, ‘খবরে এসেছে হত্যাচেষ্টা মামলার এক আসামির কারাগারে পাঠানোর আদেশ হওয়ার পর পুলিশকে বিভ্রান্ত করে ছাড়িয়ে নিয়ে আদালতের ভর্ৎসনা শুনলেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার। শুধু তা-ই নয়, মঙ্গলবার (৬ জুন) হাইকোর্টে এ ঘটনার পর আদালতের নির্দেশে এজলাসে আটকে থাকতে হয়েছিল বাসেত মজুমদারকে। কোথায় আমি তো গেলাম, আমি গিয়ে দেখলাম বাসেত মজুমদারকে তো কেউ আটক করেনি। আদালত বলেননি বাসেত মজুমদার গ্রেপ্তার। কিন্তু রিপোর্টে এই জ্যেষ্ঠ আইনজীবী সম্পর্কে যেভাবে এসেছে, তা সব আইনজীবীর জন্য বিব্রতকর।’ সমিতির সভাপতি আরও বলেন, ‘তিনি (বাসেত) কানে একটু কম শোনেন—এ কথাটি সেদিন কোর্টে বলেছিলাম। তিনিও বলেছিলেন, হ্যাঁ, কানে একটু কম শুনি। নিউজে যেভাবে এসেছে, তা সবার জন্য বিব্রতকর। অনুরোধ করব, জেনে-বুঝে রিপোর্ট করবেন। আমরা কিন্তু সাংবাদিকদের বিরুদ্ধে নই। রিপোর্ট করার ক্ষেত্রে সচেতন থাকবেন।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও বার কাউন্সেলর ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান আইনজীবী শ ম রেজাউল করিম বলেন, ‘যে ঘটনাকে ঘিরে আমরা একত্রিত হয়েছি, তা কিন্তু কোনোভাবেই কোনো সংবাদপত্র, সংবাদমাধ্যম বা সংবাদকর্মীর বিরুদ্ধে নয়। এ ক্ষেত্রে যাঁকে ঘিরে সংবাদ, তাঁকে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে তাঁর আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ থাকে। সংবাদ পরিবেশনের আগে বাসেত মজুমদারকে জিজ্ঞেস করা হলে তাঁর কাছ থেকে প্রকৃত ঘটনাটি জানা যেত।’
শ ম রেজাউল করিম সংবাদকর্মীদের উদ্দেশে বলেন, ‘অনুরোধ করব, আদালত অঙ্গনের কোনো সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আপনারা যাঁরা দায়িত্বশীলতার পরিচয় দেবেন, তাঁদের প্রতি শ্রদ্ধাটা বেড়ে যাবে। মানুষ বিভ্রান্ত হবেন না, বাসেত মজুমদার আদালতকে বিভ্রান্ত করেননি। তিনি কোর্টের কোনো আদেশ লঙ্ঘন করে কোনো একজন বিচারপ্রার্থীকে চলে যাও—এ ধরনের অসততার পরিচয় দেননি। ভবিষ্যতে নিউজ করবেন ঘটনার গভীরে যাওয়ার জন্য, সমৃদ্ধ করার জন্য যদি সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞেস করেন তাহলে খুশি হব।’
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, সমিতির সাবেক সম্পাদক বশির আহমেদ, ঢাকা মহানগরের পিপি আবু আবদুল্লাহ ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাঈদ সাগর, সিলেট বারের সাবেক সভাপতি রুহুল আনাম চৌধুরী বক্তব্য দেন। সঞ্চালনায় ছিলেন আইনজীবী এম আশরাফুল ইসলাম।