বাসের অগ্রিম টিকিট ১৮ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট দেওয়া হবে ১৮ আগস্ট থেকে। ট্রেনের অগ্রিম টিকিট ছাড়ার দিন এখনো ঠিক হয়নি। ঈদের আগে ৩০ ও ৩১ আগস্ট বাস ও ট্রেনের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি বলে জানা গেছে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক তালুকদার প্রথম আলোকে বলেন, এবারের ঈদের অগ্রিম টিকিট ১৮ আগস্ট সকাল ৬টা থেকে বাস কাউন্টারে বিক্রি হবে।

ট্রেনের অগ্রিম টিকিটের বিষয়ে জানতে চাইলে রেলমন্ত্রী মুজিবুল হক প্রথম আলোকে বলেন, ‘এখনো ট্রেনের টিকিট ছাড়ার দিন ঠিক হয়নি। এ বিষয়ে সভা করে জানানো হবে।’  

কোন দিন টিকিটের চাহিদা বেশি—জানতে চাইলে হানিফ এন্টারপ্রাইজের মহাব্যবস্থাপক আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, ‘এবার আমরা ২ সেপ্টেম্বরকে ঈদের দিন ধরে অগ্রিম টিকিট বিক্রি করব। সে ক্ষেত্রে সবচেয়ে বেশি চাপ থাকবে ৩০ ও ৩১ আগস্ট। এই দুই দিনে সবচেয়ে বেশি মানুষ ঢাকা ছাড়বে।’

বাসমালিকদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেল, এবারের ঈদে বাসের টিকিটের চাহিদা কম থাকবে। বিভিন্ন স্থানে রাস্তা খারাপ হওয়ায় বাস সময়মতো গন্তব্যে যেতে পারছে না। ঈদের অনেক আগে থেকেই এই অবস্থা চলছে। যে বাস ৮ ঘণ্টায় ঢাকা আসার কথা, সেই বাস ১২ ঘণ্টায়ও আসতে পারছে না। তাই এবার তাঁরাও বাসের সংখ্যা কমিয়ে দিয়েছেন। এ জন্য এবার ট্রেনের টিকিটে বেশি চাপ থাকবে বলে মনে করেন একাধিক বাসমালিক।  

খোঁজ নিয়ে জানা গেছে, ঈদে শীতাতপনিয়ন্ত্রিত বাসের চাহিদা বেশি। যানজটের কারণে দীর্ঘ সময় রাস্তায় থাকতে হবে, সে জন্য শীতাতপনিয়ন্ত্রিত বাসের চাহিদা বেশি। এই সুযোগে বাসের মালিকরাও শীতাতপনিয়ন্ত্রিত বাসের টিকিটের দাম দ্বিগুণ করে দেন। গত ঈদুল ফিতরে লালমনিরহাট গন্তব্যের এসআর ট্রাভেলসের এসি বাসের টিকিটের দাম রাখা হয় ১ হাজার ৬০০ টাকা। অথচ অন্য সময় একই টিকিট ৭০০ টাকায় বিক্রি হয়।  

ঢাকার কলেজগেট এলাকার বাসিন্দা মাজেদুল হক বলেন, তিনি প্রতিবছর বাসে নীলফামারী যান। এবার যাবেন ট্রেনে। তিনি সম্প্রতি নীলফামারী থেকে ঢাকা এসেছেন। সময় লেগেছে ২৮ ঘণ্টা। তাই তিনি ট্রেনের টিকিট খুঁজবেন।

সরকারি চাকরিজীবী সাইফুল ইসলাম বলেন, এবার তিনি শেষ কর্মদিবসে গ্রামের বাড়ি যাবেন। তিনিও ট্রেনে যাওয়ার চেষ্টা করবেন।