বাসের অতিরিক্ত গতি ও বাসচালকের অসতর্কতার কারণেই মানিকগঞ্জে তারেক মাসুদ ও মিশুক মুনীরকে বহনকারী মাইক্রোবাসটি দুর্ঘটনায় পড়ে। তবে মাইক্রোবাস চালকের আরও সতর্ক হওয়া উচিত ছিল।দুর্ঘটনার কারণ তদন্তে গঠিত যোগাযোগ মন্ত্রণালয়ের কমিটি তাদের প্রতিবেদনে এ কথা বলেছে। নয় পৃষ্ঠার এই প্রতিবেদনটি সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রধান প্রকৌশলীর কাছে ইতিমধ্যেই জমা দেওয়া হয়েছে। গতকাল সোমবার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন তদন্ত কমিটির আহ্বায়ক ঢাকা সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুর রহমান।দুর্ঘটনাকবলিত বাসের তিন যাত্রী, মাইক্রোবাসের এক যাত্রী, তিন এলাকাবাসী, এক পুলিশ ও এক সাংবাদিকের সঙ্গে কথা বলে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় যে পরিমাণ বৃষ্টি ছিল, তাতে এমনিতেই দৃষ্টিসীমা কমে যায়। চালক ব্রেক করলেও তার কার্যকারিতা স্বাভাবিক মাত্রায় থাকে না। এ পরিস্থিতির মধ্যেও চুয়াডাঙ্গা ডিলাক্সের বাসটি ঘণ্টায় আনুমানিক ৭০ কিলোমিটার গতিতে গাবতলী থেকে চুয়াডাঙ্গা যাচ্ছিল, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতিবেদনে বলা হয়, মুষলধারে বৃষ্টি থাকায় মাইক্রোবাস চালক রাস্তার ডান বাঁকে থাকা দ্রুতগামী বাসটিকে সুস্পষ্টভাবে দেখতে পাননি। বাসটি সামনে থাকা বাস/ট্রাককে অতিক্রম করার পর আকস্মিকভাবে মাইক্রোবাসটিকে দেখতে পায় এবং বাঁক ও গতির কারণেই মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। প্রতিবেদনে বলা হয়, মাইক্রোবাস চালক অন্য একটি গাড়ির পেছন পেছন আসছিল। কিন্তু মুষলধারে বৃষ্টি এবং সামনে আরেকটি গাড়ি থাকায় মাইক্রোবাস চালক বাসটিকে সময়মতো দেখতে পাননি। তাঁর উচিত ছিল একটি বড় দূরত্ব রেখে সামনের গাড়িটির পেছনে যাওয়া। দুর্ঘটনার পরপরই মাইক্রোবাস আরোহীদের মোবাইল ফোন, ল্যাপটপ, ক্যামেরা, নোটবুকসহ বিভিন্ন মূল্যবান জিনিস খোয়া যায়।সুপারিশমালা: কমিটি তাদের প্রতিবেদনে চালকদের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন এবং ড্রাইভিং বিষয়ে এসএসসি সমমানের পরীক্ষা চালুসহ মোট ১৪টি সুপারিশ করেছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রতিবেদনে স্বল্পমেয়াদি সুপারিশে চালকদের সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ, চালকদের অতিরিক্ত দায়িত্ব পালন থেকে বিরত রাখা, বেপরোয়া গতিতে গাড়ি চালনা রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, রাস্তার সাইন ও মার্কিং সম্পর্কে চালকদের জ্ঞান মাঝেমধ্যে পরীক্ষা করা এবং মহাসড়কের দুপাশে দৃশ্যপথে বিঘ্ন ঘটায় এমন সাইনবোর্ড সরিয়ে ফেলার সুপারিশ করা হয়েছে। মধ্যমেয়াদি সুপারিশে চালকদের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন এবং বাঁকগুলোতে সড়কের প্রশস্ততা বৃদ্ধি ও বিদ্যমান ট্রাফিক আইন যুগোপযোগী করার কথা বলা হয়েছে।দীর্ঘ মেয়াদে চালকদের জন্য ড্রাইভিং বিষয়ে এসএসসি সমমানের পরীক্ষা চালু এবং ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত এলাকা চার লেনে উন্নীত করা এবং অযান্ত্রিক যানের জন্য আলাদা লেনের সুপারিশ করেছে তদন্ত কমিটি। চালকদের জন্য আলাদা শিক্ষাপ্রতিষ্ঠান অথবা বিদ্যমান ভোকেশনাল স্কুল-কলেজে আলাদা বিভাগ খুলে চালকদের ড্রাইভিং বিষয়ে এসএসসি সমমানের পরীক্ষায় পাস করতে হবে। ঘিওরে ঢাকা-আরিচা মহাসড়কের জোকা এলাকায় ১৩ আগস্ট দুর্ঘটনায় মাইক্রোবাসের আরোহী চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা আশফাক মুনীর মিশুকসহ পাঁচজনের মৃত্যু হয়। তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ, চিত্রশিল্পী ঢালী আল মামুন, তাঁর স্ত্রী দিলারা বেগম জলিসহ পাঁচজন আহত হন। ঘটনা তদন্তে সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ঢাকা সড়ক সার্কেল) আরিফুর রহমানকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়। তদন্তকাজে এনভায়রনমেন্টাল রিসার্চ অ্যান্ড অ্যাপ্লিকেশন সোসাইটির জ্যেষ্ঠ গবেষক আশরাফুল আলম রতনের সহযোগিতা নেয় কমিটি।