বাসের কাচ ভাঙায় পাঁচ তরুণকে গণপিটুনি
রাজবাড়ী সদরের গোয়ালন্দ মোড় এলাকায় সোমবার গণপিটুনিতে পাঁচ তরুণ আহত হয়েছেন। একটি যাত্রীবাহী বাসের কাচ ভাঙা ও দুই শ্রমিককে মারধর করার ঘটনায় তাঁদের স্থানীয় লোকজন গণপিটুনি দেয়।আহত তরুণেরা হলেন মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকার মহিউদ্দিন (৪০), সেলিম খান (২৮), ইদ্রিস খান (২৪), শামীম (২৮) ও তোফাজ্জেল হোসেন (৩০)।রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ হাফিজুর রহমান মোল্যা জানান, সোমবার বিকেলে গোয়ালন্দ উপজেলার ক্যানেল ঘাট এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি মাইক্রোবাসের লুকিং গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মাইক্রোবাসের আরোহী ১৫ তরুণ রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় এসে পথরোধ করে যাত্রীবাহী বাসটির একটি কাচ ভেঙে ফেলে। একই সঙ্গে তাঁরা বাসের চালক মিন্টু শেখ ও তাঁর সহকারী শপদ মোল্যাকে মারধর করেন।একপর্যায়ে বাস শ্রমিকসহ স্থানীয় লোকজন মাইক্রোবাসের আরোহীদের আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পরে তাঁদের রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়।রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. সরাফত উল্লাহ বলেন, রাজবাড়ী ও মানিকগঞ্জ বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা বৈঠক করে মীমাংসার সিদ্ধান্ত নেওয়ায় কোনো মামলা হয়নি।