বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
সাতক্ষীরায় সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাছের সঙ্গে ধাক্কা লেগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও সাতজন আহত হয়েছে। আজ শনিবার বিকেল পাঁচটার দিকে সদর উপজেলার মাধবকাটি এলাকার সাতক্ষীরা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। আহত ব্যক্তিরা হলেন বাসচালক বরিশাল জেলার কোতোয়ালি থানার ধলবাদি গ্রামের মো. জামালউদ্দিন (৫০), চালকের সহকারী জামালপুর জেলার নোওয়াড়া গ্রামের আবদুল আজিজ (৪৫), যাত্রী হেনা (১৮), রুহুল আমিন (৩০), আবদুল ওয়াদুল (২৯), সোনালী (২৪) ও মোমেন (২৫)। আহত লোকজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই বাসের যাত্রী আবদুল সোহান ও রমজান আলী প্রথম আলোকে জানান, সাতক্ষীরা থেকে ঢাকাগামী বাসটি মাধবকাটি বাজারের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় একটি গাছের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে বাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক।