
আজিমপুর রোডে বাসের ধাক্কা-ঘষায় প্রায় ২০টি মেহগনিগাছের ছালবাকল উঠে গেছে। এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ১০টি গাছের। এসব গাছের মাঝ বরাবর চিকন হয়ে গেছে।
গাছগুলো রক্ষায় অবৈধ এই বাসস্ট্যান্ড উচ্ছেদের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গাছগুলোর মালিক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। কিন্তু তারা এগুলো রক্ষায় এগিয়ে আসছে না। গাছগুলো রক্ষায় এখনই সঠিক যত্ন নেওয়ার তাগিদ দিয়েছেন প্রকৃতিবিদেরা। এলাকাটি ডিএসসিসির ২৬ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, আজিমপুর এতিমখানার সামনে থেকে আজিমপুর চৌরাস্তা পর্যন্ত আজিমপুর রোডের পশ্চিম পাশের ফুটপাত ঘেঁষে সারিবদ্ধভাবে আছে প্রায় ২০টি গাছ। এসব গাছ ঘেঁষে আজিমপুর রোডের অর্ধেক দখল করে গাজীপুরগামী ২৭ নম্বর বাস এবং মিরপুরগামী সেফটি পরিবহনের প্রায় ৩০টি বাস সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আজিমপুর চৌরাস্তা থেকে যাত্রী নিয়ে একেকটি বাস ছাড়ছে। আর পেছন থেকে এসব বাস গাছগুলো ঘেঁষে সামনের দিকে এগোচ্ছে। এতে মাঝারি আকারের সব গাছের মাঝ বরাবর ছালবাকল উঠে ক্ষতের সৃষ্টি হয়েছে। এর মধ্যে ১০টি গাছের শরীরে প্রায় অর্ধেক খসে পড়েছে। বড় ঝড়–তুফান হলে গাছগুলো ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সড়কের অর্ধেক দখল করে বাসস্ট্যান্ড গড়ে ওঠায় এই রোডে যানজটের সৃষ্টি হয়েছে। ফুটওভার ব্রিজের নিচে এক লেন থেকে আরেক লেনে বাসগুলো ঘোরার কারণে যানজট তীব্র আকার ধারণ করে।
গতকাল শুক্রবার সকালে এই রোডে গিয়ে ২৭ নম্বর রুটের একটি বাসের মালিক দিদারুল আলমকে পাওয়া যায়। এই সড়কে বাসস্ট্যান্ডের কোনো অনুমতি আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, দীর্ঘদিন ধরেই এই রোডে দিনে গড়ে প্রায় সাড়ে তিন শ বাস চলাচল করছে। এর কিছু গাড়ি এখানে রাখা হয়। তবে এ জন্য সিটি করপোরেশন বা ট্রাফিক বিভাগের কোনো অনুমতি নেওয়া হয়নি। মাঝেমধ্যে ক্ষমতাসীন দলের স্থানীয় বড় নেতারা চাঁদা চাইলে তা দেওয়া হয়। তবে এই নেতাদের পরিচয় দিতে তিনি রাজি হননি।
আজিমপুর বটতলার বাসিন্দা আশ্রাফ উদ্দিন অভিযোগ করেন, ৮ থেকে ১০ বছর আগে ফুটপাতে এসব গাছ লাগিয়েছিল সিটি করপোরেশন। কিন্তু তারা গাছগুলো রক্ষায় কোনো পদক্ষেপ নিচ্ছে না। প্রতিনিয়ত বাসের ধাক্কা ও ঘষায় গাছগুলো মরার উপক্রম হয়েছে। এই গাছ যে বেঁচে থাকার জন্য জরুরি, এরা যে মানুষকে অক্সিজেন দেয়, তা সিটি করপোরেশনকে কে বোঝাবে।
জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান প্রথম আলোকে বলেন, এই বাসস্ট্যান্ডটি সম্পূর্ণ অবৈধ। তাই স্ট্যান্ডটি ঘিরে স্থানীয় কিছু ব্যক্তি ব্যাপক চাঁদাবাজি করছে। তারাই স্ট্যান্ডটি নিয়ন্ত্রণ করে। শিগগিরই বিষয়টি নিয়ে পুলিশের ট্রাফিক বিভাগ ও সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগের সঙ্গে আলোচনা করে একটি কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। কোনোক্রমেই এ অবস্থা চলতে দেওয়া যায় না। স্থানীয় চাঁদাবাজ কারা, জানতে চাইলে তিনিও এড়িয়ে যান।
প্রকৃতিবিষয়ক সংগঠন তরুপল্লবের সাধারণ সম্পাদক মোকাররম হোসেন প্রথম আলোকে বলেন, এ গাছগুলো এখন যেভাবে আছে, তাতে বৃষ্টির পানি জমে গাছের ক্ষতস্থানে সংক্রমণ হতে পারে। সেখানে পোকামাকড় জন্মে একে ভঙ্গুর করে তুলবে। ক্রমান্বয়ে গাছগুলো মরে যাবে। এ ছাড়া ঝড়-তুফানে এখনই এগুলো ভেঙে পড়তে পারে। তিনি বলেন, যে গাছগুলোতে বেশি ক্ষতের সৃষ্টি হয়েছে, সেগুলোতে বালু ও সিমেন্ট দিয়ে ভরাট করে দিতে হবে। এতে সংক্রমণ রোধ হবে এবং পোকামাকড় জন্মাতে পারবে না। তবে সবার আগে এখান থেকে বাসস্ট্যান্ড সরাতে হবে। না হলে গাছগুলোর কোনো যত্ন নিলেও তা স্থায়ী হবে না। গাছগুলোকেও বাঁচিয়ে রাখা যাবে না।
