চাকা ফেটে বাস খাদে, কলেজশিক্ষকসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সামনের চাকা ফেটে গেলে যাত্রীবাহী একটি বাস উল্টে খাদে পড়ে যায়। এতে এক কলেজশিক্ষকসহ তিনজন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।


নিহত ব্যক্তিরা হলেন, উল্লাপাড়া ডিগ্রি কলেজের প্রভাষক মো. রফিকুল ইসলাম (৪০), সলঙ্গা থানার পাঠধারী গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল্লাহ (২৮) এবং সলঙ্গা থানার বাগডা গ্রামের শুকুর আলীর ছেলে আসাদুল ইসলাম (৩৫)। শেষের দুজন ভ্যানচালক বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জানায়, শাহজাদপুর থেকে সিরাজগঞ্জ রোডগামী তালকুদার পরিবহনের একটি বাস নগরবাড়ী-বগুড়া মহাসড়কের পাটধারী এলাকায় পৌঁছালে এর সামনের একটি চাকা ফেটে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তায় থাকা দুটি রিকশা-ভ্যানকে চাপা দিয়ে সড়কের পশ্চিম পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই ভ্যান চালক নিহত এবং ১৫ জন যাত্রী আহত হয়। আহত যাত্রীদের হাসপাতালে নেওয়ার পথে প্রভাষক রফিকুল মারা যান। আহত ব্যক্তিদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতাল ও সিরাজগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, জেলা ও হাইওয়ে থানা-পুলিশ এক ঘণ্টার চেষ্টায় পানি থেকে বাসটি উদ্ধার করে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে।